ছাত্রদলের সভাপতি হচ্ছেন আমানউল্লাহ আমান!
আমানউল্লাহ আমান। ছবি- সংগৃহীত।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
নতুন কমিটির সভাপতি পদে সংগঠনটির বর্তমান কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমানের নাম সবচেয়ে জোরালোভাবে আলোচনায় রয়েছে। দলীয় একাধিক সূত্রের দাবি, সভাপতি পদে অন্য সম্ভাব্যদের তুলনায় তিনি এগিয়ে রয়েছেন।
ছাত্ররাজনীতিতে দীর্ঘদিনের সক্রিয়তা, সাংগঠনিক দক্ষতা এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ভূমিকার কারণে আমানউল্লাহ আমানকে নতুন নেতৃত্বের জন্য বিবেচনা করা হচ্ছে বলে সূত্রগুলো জানিয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি বা সভাপতির নাম ঘোষণা করা হয়নি।
দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ছাত্রদলের বিদায়ী শীর্ষ পাঁচ নেতা সাক্ষাৎ করেন। এ সময় সাম্প্রতিক আন্দোলনে ছাত্রদলের ভূমিকার প্রশংসা করেন তিনি।
বর্তমান কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নেতৃত্বাধীন কমিটির মেয়াদ শেষ হওয়ার পর নতুন কমিটি গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে বর্তমান নেতৃত্বের আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার কথা রয়েছে।
এদিকে সভাপতি পদে আমানউল্লাহ আমানের পাশাপাশি নতুন কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কয়েকজন নেতার নামও আলোচনায় রয়েছে। সম্ভাব্যদের তালিকায় রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, সহ-সভাপতি ইজ্জাজুল কবির রুয়েল, ডা. তৌহিদুর রহমান আউয়াল, যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসান, প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান এবং ঢাকা কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ইশরাক।
তবে নতুন কমিটির চূড়ান্ত পদ-পদবি ও নেতৃত্ব সম্পর্কে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এসব নামকে সম্ভাব্য হিসেবেই দেখা হচ্ছে।








আপনার মতামত লিখুন