রাবিপ্রবির আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ম ব্যাচ

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর শিরোপা জিতেছে ৫ম ব্যাচ। ফাইনালে টাইব্রেকারে ৩য় ব্যাচকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা।
রবিবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেয়। তবে নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে ৩য় ব্যাচকে ২-১ গোলে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে ৫ম ব্যাচ।
ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জি এম সেলিম আহমেদ। এ সময় বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ৫ম ব্যাচের শিক্ষার্থী মো. শেফায়েতুল ইসলাম শারেক ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
উল্লেখ্য, গত ৯ আগস্ট ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ শুরু হয়। গ্রুপ পর্ব ও নকআউট পর্বের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই পেরিয়ে ফাইনালে ৩য় ব্যাচকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় ৫ম ব্যাচ।








আপনার মতামত লিখুন