শাহরাস্তিতে মাদকবিরোধী র্যালী ও সভা অনুষ্ঠিত

চাঁদপুরের শাহরাস্তিতে মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদক নির্মূলে মাদকবিরোধী র্যালী ও সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরশাক বাজার এলাকায় এ র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীর নেতৃত্ব দেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান।
র্যালীতে শাহরাস্তি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামসহ থানার অন্যান্য পুলিশ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। এতে প্রায় ৩০০ থেকে ৪০০ জন অংশগ্রহণ করেন।
র্যালী শেষে চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদক প্রতিরোধ এবং মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।








আপনার মতামত লিখুন