শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত
প্রস্তুতিমূলক সভা-রেজুলেশন না করার অভিযোগ

প্রস্তুতিমূলক সভা ও রেজুলেশন না করার অভিযোগকে কেন্দ্র করে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২৬ স্থগিত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশক্রমে নির্বাচন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আবু ইসহাক।
জানা গেছে, বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২৬ এর তফসিল ঘোষণা করা হয় ৮ সেপ্টেম্বর। তফসিল অনুযায়ী ২০ থেকে ২২ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ ও জমা, ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই ও বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ, ২৪ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং আগামী ৫ অক্টোবর ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছিল।
নির্ধারিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ ও সংগ্রহের পর ২৩ সেপ্টেম্বর যাচাই-বাছাইয়ের দিনই নির্বাচন স্থগিতের ঘটনা ঘটে।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. মোজাহের হোসেন অভিযোগ করে বলেন, ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল প্রয়োজনীয় প্রস্তুতিমূলক সভা করেননি এবং এ সংক্রান্ত কোনো রেজুলেশনও করা হয় নি। বিষয়টি নিয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।
তবে অভিযোগ অস্বীকার না করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল বলেন, ম্যানেজিং কমিটি গঠনের জন্য বিদ্যালয়ের সব প্রস্তুতিই ঠিকঠাক ছিল। তবে অসাবধানতাবশত প্রস্তুতিমূলক বৈঠক ও রেজুলেশন করা হয়নি তবে বিদ্যালয়ের নির্বাচনের ভোটার তালিকা হালনাগাদ ও চূড়ান্ত কপিতে সভাপতির স্বাক্ষর নেওয়া হয়েছিল।
এদিকে প্রস্তুতিমূলক সভা ও রেজুলেশন না করার অভিযোগে নির্বাচন স্থগিত হওয়ায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়ায় সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষ করে নির্বাচন আয়োজনের আগে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা, প্রস্তুতিমূলক সভা করা এবং তা রেজুলেশনের মাধ্যমে নথিভুক্ত করার ক্ষেত্রে এডহক কমিটি, প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ব পালনে কোনো ঘাটতি ছিল কি না এ নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
সংশ্লিষ্টদের দায়িত্বহীনতার কারণে একটি চলমান নির্বাচন স্থগিত হওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে কি না, সেটিও এখন প্রশ্নের মুখে।
এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ আবু ইসহাক বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের দায়িত্ব দিয়েছিলেন। নির্দেশনা অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণা, মনোনয়নপত্র বিতরণ ও সংগ্রহ করা হয়। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. মোজাহের হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে নির্বাচনটি সাময়িকভাবে স্থগিত করা হয়।
পরবর্তী প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সুনির্দিষ্ট কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশক্রমে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২৬ স্থগিত করা হলো।’
এদিকে নির্বাচন স্থগিত হওয়ায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়া অনিশ্চয়তার মধ্যে পড়েছে। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করার অভিযোগের বিষয়টি কীভাবে নিষ্পত্তি হবে এবং পরবর্তী সময়ে নতুন করে তফসিল ঘোষণা করা হবে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টরা।








আপনার মতামত লিখুন