যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণের ঘটনায় বাবার পর এবার শিশু সন্তানের মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধের ঘটনায় বাবার পর চিকিৎসাধীন অবস্থায় এক শিশু সন্তানের মৃত্যু হয়েছে। শিশুটির নাম তানভীর (৯)।
আজ সোমবার সকাল ৭টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যায় সে। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, যাত্রাবাড়িতে এসি বিস্ফোরণে একই পরিবারের চারজনকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে তাদের চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে আজ সকালে শিশু তানভীর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে গত বুধবার শিশু তানভীরের বাবা তুহিন ৪৭ শতাংশ দগ্ধ নিয়ে এইচডিইউতে মারা যান। এই ঘটনায় এখনো তুহিনের স্ত্রী ও এক সন্তান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। দগ্ধরা হলেন- মো. তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইভা আক্তার (৩০), দুই ছেলে তানভীর (৯) ও তাওহীদ (৭)।
এমআর








আপনার মতামত লিখুন