মা-মেয়েকে গলা কেটে হত্যা, ৩০ ভরি স্বর্ণালংকার লুট
লক্ষ্মীপুরের রামগঞ্জে এক ব্যবসায়ীর স্ত্রী ও কলেজপড়ুয়া মেয়েকে বাসায় একা পেয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ঘরে থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার লুট করা হয়েছে বলে অভিযোগ করেছে নিহতদের পরিবার।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ৯টার মধ্যে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— জুলেখা বেগম (৫৫) এবং তাঁর মেয়ে তানহা আক্তার মীম (১৯)।
জুলেখা বেগম রামগঞ্জের সোনাপুর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী। মীম রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঘটনার সময় মিজানুর রহমানসহ পরিবারের পুরুষ সদস্যরা বাজারে ছিলেন। বাসায় ছিলেন শুধু জুলেখা ও মীম। সেই সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে মা ও মেয়েকে গলা কেটে হত্যা করে। এরপর ঘরে থাকা স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান জিনিস লুট করে পালিয়ে যায়।
রাত ১০টার দিকে পরিবারের সদস্যরা বাড়ি ফিরে দুইজনের মরদেহ মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন।
রাত ১১টার দিকে সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জামিলুল হক বলেন,
> “কে বা কারা, কী কারণে মা-মেয়েকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলে ওসি রয়েছেন। পিবিআইয়ের ফরেনসিক টিম ঘটনাস্থলে যাচ্ছে।”
রামগঞ্জ থানার ওসি আব্দুল বারী জানান, তিনি ঘটনাস্থলে উপস্থিত আছেন। ঘাতকরা স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে বলেও তিনি নিশ্চিত করেন।








আপনার মতামত লিখুন