জুলাই সনদে স্বাক্ষর হবে ১৫ অক্টোবর
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান, থাকছেন ৩০ রাজনৈতিক দলের প্রতিনিধি
আগামী ১৫ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর অনুষ্ঠান।
এদিন বেলা ৩টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠানে ৩০টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধি উপস্থিত থাকবেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) জাতীয় ঐকমত্য কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের মতামত এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের পাঁচ দফা বৈঠকে প্রাপ্ত মতামত বিশ্লেষণ করা হয়। আশা করা হচ্ছে, খুব শিগগিরই বিশেষজ্ঞরা রাজনৈতিক দলগুলোর অভিমত বিশ্লেষণ করে জুলাই সনদ বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশ চূড়ান্ত করে সরকারের কাছে জমা দেবেন।
সভায় উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান ও ড. মো. আইয়ুব মিয়া।
এ ছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বৈঠকে অংশ নেন।
রাষ্ট্র কাঠামো সংস্কারের লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন এরই মধ্যে রাজনৈতিক দল ও জোটের সঙ্গে দুই ধাপে সংলাপ সম্পন্ন করেছে। দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে তৈরি হয় জুলাই জাতীয় সনদ, যা রাজনৈতিক সংস্কার ও গণতান্ত্রিক পুনর্গঠনের রূপরেখা হিসেবে বিবেচিত হচ্ছে।
তবে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে এখনো কিছু মতপার্থক্য রয়ে গেছে। বুধবার সংলাপের শেষ দিনে কমিশন জানিয়েছিল, রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের মতামত বিবেচনায় নিয়ে সরকারকে একটি প্যাকেজ সুপারিশ দেওয়া হবে।
আজকের বৈঠকে সেই প্যাকেজ সুপারিশের চেয়ে সনদ স্বাক্ষর অনুষ্ঠান আয়োজনের বিষয়টি বেশি গুরুত্ব পায়। প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার পর অনুষ্ঠানটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় করার সিদ্ধান্ত হয়। প্রথমে অনুষ্ঠানটি চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে করার প্রস্তাব থাকলেও তা পরিবর্তন করা হয়।
কমিশন জানিয়েছে, সংলাপে অংশ নেওয়া ৩০টি রাজনৈতিক দল ও জোটকে দুজন করে প্রতিনিধির নাম পাঠাতে বলা হয়েছে। ইতিমধ্যে বেশিরভাগ দল তাদের প্রতিনিধির নাম পাঠিয়েছে।
বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ বেশ কয়েকটি দল অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন,
> “সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে দলগুলোর সঙ্গে যোগাযোগ চলছে। তারা ইতিবাচক সাড়া দিয়েছে।”
তিনি আরও জানান, অনুষ্ঠানের প্রস্তুতি চূড়ান্ত করতে আগামী শনিবার আবার বৈঠকে বসবে কমিশন।







আপনার মতামত লিখুন