ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে: সেনাবাহিনী
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এদের মধ্যে ১৪ জন কর্মরত এবং একজন এলপিআর (লিভ প্রিপারেটরি টু রিটায়ারমেন্ট)-এ থাকা কর্মকর্তা। তবে মেজর জেনারেল কবীর আহাম্মদকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না।
শনিবার (১১ অক্টোবর) সকালে ঢাকা সেনানিবাসের মেস আলফাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।
তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩টি মামলায় মোট ২৫ জন সেনা কর্মকর্তা অভিযুক্ত হয়েছেন। এর মধ্যে ৯ জন অবসরে, একজন এলপিআরে এবং ১৫ জন বর্তমানে কর্মরত।
মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন,
> “৮ অক্টোবর চার্জশিট দাখিলের পর সার্ভিসে থাকা ও এলপিআরে থাকা ১৬ কর্মকর্তাকে সেনাসদরে সংযুক্ত করা হয়। তাদের ৯ অক্টোবরের মধ্যে রিপোর্ট করার নির্দেশনা দেওয়া হয়। মেজর জেনারেল কবীর আহাম্মদ ছাড়া সবাই রেসপন্স করেছেন। বাকি ১৫ জন বর্তমানে হেফাজতে আছেন এবং তারা পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।”
তিনি আরও জানান, মেজর জেনারেল কবীর আহাম্মদ ৯ অক্টোবর সকালে বাসা থেকে বের হন, এরপর থেকে তিনি নিখোঁজ।
এ সময় সেনাবাহিনী জানায়, আদালতের নির্দেশনা অনুযায়ী সব প্রক্রিয়া অনুসরণ করা হবে এবং তদন্তে পূর্ণ সহযোগিতা করবে তারা।








আপনার মতামত লিখুন