বোরকাকে ‘বস্তার সঙ্গে তুলনা’, ঢাবি শিক্ষার্থীর মন্তব্যে তীব্র নিন্দা ছাত্রীসংস্থার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী কর্তৃক বোরকাকে ‘বস্তার সঙ্গে তুলনা’ করে পর্দাশীল নারীদের অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
বুধবার (২২ অক্টোবর) সংগঠনের সভানেত্রী সাবিকুন্নাহার তামান্না স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়,
> “বোরকা মুসলিম নারীর সম্মান, স্বাধীনতা ও আত্মমর্যাদার প্রতীক। যে সমাজে শিক্ষিত তরুণও এমন নোংরা ভাষায় নারীকে হেয় করে, সেখানে নারীর নিরাপত্তা ও মর্যাদা নিয়ে উদ্বেগ আরও বেড়ে যায়। পর্দাশীলতা লজ্জা নয়, এটি গৌরব।”
ছাত্রীসংস্থা আরও জানায়,
> “এই ধরনের মন্তব্য কেবল নারীর সম্মান ও স্বাধীনতার প্রতি অবজ্ঞা নয়, বরং মুসলিম নারীর ধর্মীয় পরিচয় ও বিশ্বাসের ওপরও সরাসরি আঘাত। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত এই শিক্ষার্থীর বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা।”
গতকাল মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২২-২৩ সেশনের শিক্ষার্থী রিয়াদ হাসান শেখ বিভাগের এক সিনিয়রের ফেসবুক পোস্টে মন্তব্য করেন—
> “নিজে তো সারাদিন বস্তা বন্দি হইয়া থাকে, খোমা দেখানোর হেডম নাই। তাও অন্যেরটা দেখে জেলাস হয় আরকি।”
এই মন্তব্যের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। অনেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে রিয়াদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এদিকে অভিযুক্ত শিক্ষার্থী রিয়াদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে এক গণমাধ্যমে তিনি প্রথমে মন্তব্যের বিষয়টি অস্বীকার করেন; পরে স্ক্রিনশট দেখানো হলে বলেন, তার বক্তব্যের “অন্য উদ্দেশ্য” ছিল।








আপনার মতামত লিখুন