রাজধানীতে বাতাসে ছড়াচ্ছে গ্যাসের গন্ধ, আশ্বস্ত করল তিতাস
রাজধানীর বিভিন্ন স্থানের বাতাসে গ্যাসের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছে। এতে বিভিন্ন এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এই বিষয়ে আশ্বস্ত করেছে বিতরণ সংস্থা তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
রাজধানীর বিভিন্ন এলাকায় শনিবার (২৫ অক্টোবর) রাত থেকে বাতাসে গ্যাসের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছে। এতে অনেক এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন। তবে বিষয়টি নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
খোঁজ নিয়ে জানা গেছে, কুড়িল, বসুন্ধরা, মাটিকাটা গেট, উত্তরা, আশকোনা, ভাষানটেক ও দক্ষিণখানসহ ঢাকার বেশ কয়েকটি এলাকায় এই গ্যাসের গন্ধ ছড়িয়েছে। স্থানীয়রা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হলেও তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, এটি মূলত পাইপলাইন সংস্কারের কাজের সময় ব্যবহৃত রাসায়নিক পদার্থের কারণে হতে পারে।
তিতাসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ এইচ এম মাছউদুর রহমান জানান, ঢাকার বিভিন্ন স্থানে পাইপলাইন সংস্কারের কাজ চলছে। এ সময় কিছু রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, যার গন্ধ বাতাসে ছড়াতে পারে। আবার কোথাও কোথাও সামান্য লিকেজ থেকেও এমন গন্ধ পাওয়া যেতে পারে। তবে এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
তিনি আরও বলেন, যে এলাকায় গ্যাসের গন্ধ টের পাওয়া যাচ্ছে, সেসব এলাকার বাসিন্দারা তিতাসের হেল্পলাইনে যোগাযোগ করলে আমাদের ইমার্জেন্সি রেসপন্স টিম দ্রুত সেখানে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।








আপনার মতামত লিখুন