নিবন্ধনবিহীন মোবাইল বন্ধে চালু হচ্ছে এনইআইআর সিস্টেম
১৬ ডিসেম্বর থেকে টেলিকম খাতে নতুন যুগের সূচনা
নিবন্ধনবিহীন ও অবৈধ মোবাইল ফোন বন্ধে বহুদিনের উদ্যোগ এবার বাস্তবে রূপ পাচ্ছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ১৬ ডিসেম্বর থেকে দেশে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালু করতে যাচ্ছে।
এর মাধ্যমে দেশের প্রত্যেকটি মোবাইল হ্যান্ডসেটের আইএমইআই নম্বরকে ব্যবহারকারীর এনআইডি ও সক্রিয় সিমের সঙ্গে সংযুক্ত করে কেন্দ্রীয়ভাবে নিবন্ধন করা হবে। ফলাফল—অবৈধ, নকল ও অনুমোদনবিহীন ডিভাইস স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হবে।
বুধবার (২৯ অক্টোবর) বিটিআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
ফয়েজ আহমদ তৈয়্যব জানান— “এনইআইআর শুধু একটি প্রযুক্তি নয়, এটি নাগরিক নিরাপত্তা, শিল্প সুরক্ষা ও রাষ্ট্রীয় শৃঙ্খলার অংশ।”
তার মতে, এ ব্যবস্থা চালু হলে— অবৈধ ও নকল মোবাইল সরবরাহ পুরোপুরি বন্ধ হবে, চুরি ও অপরাধে ব্যবহৃত মোবাইল দ্রুত শনাক্ত ও ব্লক করা যাবে, রাষ্ট্রের বছরে বিপুল রাজস্ব ক্ষতি রোধ হবে, দেশীয় মোবাইল উৎপাদনে গতি আসবে, সিম প্রতারণা, এমএফএস জালিয়াতি ও স্ক্যাম নিয়ন্ত্রণে আসবে।
এ উদ্যোগকে কার্যকর করতে গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটক নিজস্ব ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (ইআইআর) আপগ্রেড করছে।
বৈধ উপায়ে মোবাইল কিনে এনআইডি-সিম মিলিয়ে নিবন্ধন নিশ্চিত করা, অননুমোদিত উৎস থেকে মোবাইল কেনা থেকে বিরত থাকা, নকল বা ডুপ্লিকেট আইএমইআই যুক্ত ফোন ব্যবহার করলে নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে।
বিশেষ সহকারী বলেন— “১৬ ডিসেম্বরের পর বাংলাদেশ টেলিকম সেক্টর নিরাপদ ও স্বচ্ছ নতুন অধ্যায়ে প্রবেশ করবে। সবাইকে বৈধ হ্যান্ডসেট ব্যবহারে উৎসাহিত করা প্রয়োজন।”
সংবাদ সম্মেলনে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারীসহ কমিশনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








আপনার মতামত লিখুন