খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ফুটবল ফিয়েস্তা ২.০ বিজয়ী টিএফডি, খেলাকেন্দ্রিক কোন্দলে উত্তেজনা কাটেনি তিন দিনেও

বুটেক্স প্রতিনিধি:
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১২:৪৬ অপরাহ্ণ
ফুটবল ফিয়েস্তা ২.০ বিজয়ী টিএফডি, খেলাকেন্দ্রিক কোন্দলে উত্তেজনা কাটেনি তিন দিনেও

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) স্পোর্টস ক্লাব আয়োজিত ফুটবল ফিয়েস্তা ২.০–এর ফাইনালে টাইব্রেকারে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগকে পরাজিত করে টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন (টিএফডি) বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে। তবে এই প্রতিযোগিতাকে ঘিরে গত কয়েক দিনে ধারাবাহিক সংঘর্ষ, সিনিয়র–জুনিয়র কোন্দল এবং সাংবাদিকদের কাজে বাধা দেওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয় জুড়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

ঘটনার শুরু ৩ নভেম্বর (রবিবার) সেমিফাইনাল ম্যাচে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ও টেক্সটাইল মেশিনারিজ ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স (টিএমডিএম) বিভাগের খেলায়। খেলার শেষ মুহূর্তে বাঁশি বাজানোকে কেন্দ্র করে টিএমডিএম বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী ফয়সালের সঙ্গে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের হাতাহাতি হয়। এসময় ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী সাকিবের গায়ে হাত তোলা হয়। পরে ফয়সাল দুঃখ প্রকাশ করলেও দুই বিভাগের মধ্যে উত্তেজনা তৈরি হয়, যা ফাইনালের দিন পর্যন্ত গড়ায়।

৪ নভেম্বর (মঙ্গলবার) অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত সময়ের খেলায় সমতা থাকায় ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের কিছু দর্শক টিএফডি বিভাগের খেলোয়াড় ও ৫০তম ব্যাচের শিক্ষার্থী রাফিদের ওপর হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, ফেব্রিক বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী আসির প্রথমে রাফিদকে ঘুষি মারে, পরে একই বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী বর্ষণও তাতে অংশ নেয়। এতে রাফিদ মাটিতে পড়ে গেলে দর্শকসারিতে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। একই ঘটনায় ৪৭তম ব্যাচের একাধিক শিক্ষার্থী আহত হয় এবং হামলাকারী হিসেবে ৪৯তম ব্যাচের আল ফাহিম ও একই ব্যাচের কাইয়ুমের নামে অভিযোগ করে কিছু শিক্ষার্থী। তাছাড়া গুঞ্জন রয়েছে হামলাকারী ৪৯তম ব্যাচের আসির এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত।

তবে পাল্টা অভিযোগ করে অভিযুক্তরা জানায়, আগের দিনের ঝামেলার রেশ ধরে কিছু বড় ভাইরা আমাদের কয়েকজনকে টার্গেট করে রেখেছিল এবং ঘটনার সময় উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের আঘাত করে।

পরবর্তীতে শিক্ষকদের তৎপরতায় পরিস্থিতি শান্ত হয় এবং পরে বৈঠকের মাধ্যমে ম্যাচ পুনরায় শুরু হয়। টাইব্রেকারে টিএফডি বিভাগ বিজয় অর্জন করে।

ঘটনাস্থলে ভিডিও ধারণ করতে গেলে বুটেক্স সাংবাদিক সমিতির সদস্য তারেক রহমান ও শেফাক মাহমুদের ওপরও কিছু শিক্ষার্থী চড়াও হন। এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগের ৪৭তম বিভাগের শিক্ষার্থী আল মাহমুদ বিন কবির নির্ঝর, বুটেক্স সাংবাদিক সমিতির সদস্য এবং দৈনিক নয়া দিগন্ত পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শেফাক মাহমুদের দিকে তেড়ে আসলে, শেফাকের সহপাঠী অভিষেক তাকে থামায়। নির্ঝর অভিযোগ করেন, তখন তার কলার টেনে ধরেন অভিষেক।

পরদিন ৫ নভেম্বর (বুধবার) নির্ঝর প্রকাশ্যে অভিষেকের গায়ে হাত তোলেন এবং জোরপূর্বক ক্ষমা চাওয়ানো হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় ৪৭তম ব্যাচের আরও কয়েকজন শিক্ষার্থী—টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের মৃদুল ও টিএমডিএম বিভাগের রাফির নামও উঠে আসে।

ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা বিরাজ করছে। সিনিয়র ব্যাচের শিক্ষার্থীদের অভিযোগ, ফাইনালের সময় জুনিয়ররা সিনিয়রদের প্রতি অশোভন আচরণ করেছে এবং গায়ে হাত তোলা হয়েছে, যা নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অন্যদিকে, জুনিয়র ব্যাচের শিক্ষার্থীরা অভিযোগ করেন, আগের সেমিফাইনালের ঘটনার জেরে কিছু সিনিয়র আগেই প্রতিশোধমূলক হামলার পরিকল্পনা করেছিলেন। ফলে দুই পক্ষের মধ্যে পারস্পরিক অবিশ্বাস তৈরি হয়েছে।

যদিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ফাইনাল খেলার দিন (৪ নভেম্বর) বিকেলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং রাতে এক বৈঠকে উভয় পক্ষের প্রতিনিধিরা উপস্থিত হন। প্রশাসন আশ্বাস দেয়, তিন কার্যদিবসের মধ্যে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এরপরও এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় অসন্তুষ্ট শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন,“এই ঘটনাগুলো নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত হতাশ। টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাধারণত ভদ্র ও গুণী হন, কিন্তু একটি খেলা নিয়ে এমন আচরণ তাদের কাছ থেকে প্রত্যাশিত নয়। শিক্ষকরা মাঠে উপস্থিত থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে।” তিনি আরও বলেন,“মারামারি কোনো সমাধান নয়। বিশ্ববিদ্যালয়ের নিয়ম ও প্রবিধান সবার জন্য সমান। সিনিয়রদের উচিত সহনশীলতা দেখানো এবং এমন পরিবেশ তৈরি করা যাতে জুনিয়ররা শ্রদ্ধা করতে শেখে।” উপাচার্য জানান, ঘটনাগুলো তদন্তে দুটি পৃথক কমিটি কাজ করছে এবং আগামী রবিবার ডিসিপ্লিনারি বোর্ড বসবে।

“যারা শৃঙ্খলা ভঙ্গ করেছে, তাদের ইতোমধ্যেই চিহ্নিত করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন সম্পূর্ণ সচেতন আছে—কেউ আইনের বাইরে নয়,” বলেন তিনি।

প্রক্টরিয়াল টিম সূত্রে জানা গেছে, ঘটনাগুলোর লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উভয় ঘটনার তদন্ত চলছে এবং প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা