ভয়াবহ আগুনে পুড়ছে কড়াইল বস্তি, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট
রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। প্রায় দুই ঘণ্টায়ও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন নেভাতে সংস্থাটির ১৬টি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে একে একে ১১টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায় আগুন নেভাতে। আগুন ভয়াবহ রূপ নিলে আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তবে যানজটের কারণে ইউনিটগুলো পৌঁছাতে দেরি হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার তালহা বিন জসিম এসব তথ্য নিশ্চিত করেছেন। সন্ধ্যা সাতটার পর তিনি জানান, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বস্তিটির মাঝ বরাবর অংশে দাউ দাউ করে আগুন জ্বলছে। গুলশান-১ এর লেক বরাবর অংশের প্রায় পুরোটাতেই আগুন জ্বলছে।
এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বস্তিবাসীরা যে যার মতো নিরাপদে সরে যাওয়ার চেষ্টা করছেন। তবে অনেকের ঘর ও আসবাবপত্র চোখের সামনেই জ্বলছে।








আপনার মতামত লিখুন