জকসু নির্বাচন
অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি ও জিএস প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫ উপলক্ষে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও ভুল তথ্য উপস্থাপনের অভিযোগে শিবির-সমর্থিত প্যানেলের দুই শীর্ষ পদপ্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশন।
সোমবার (২ ডিসেম্বর) জকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নোটিশ জারি করা হয়।
শোকজপ্রাপ্ত প্রার্থীরা হলেন সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী মো. রিয়াজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী আব্দুল আলিম আরিফ।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৭ নভেম্বর ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের প্যানেলের কয়েকজন প্রার্থী ও সমর্থক জকসু প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য কমিশনার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে উসকানিমূলক, বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য প্রদান করেন। নির্বাচন কমিশনের মতে, এ ধরনের মন্তব্য ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল শিক্ষার্থী সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা ২০২৫’ এবং ‘জকসু নির্বাচনী আচরণ বিধিমালা ২০২৫’ এর সুস্পষ্ট লঙ্ঘন।
নির্বাচন কমিশন প্রার্থীদের এ ধরনের আচরণ অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছে। পাশাপাশি, কেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না— তা আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে প্রধান নির্বাচন কমিশনারের কাছে জানাতে বলা হয়েছে।








আপনার মতামত লিখুন