সীমান্তে বাংলদেশি নাগরিক হত্যা : অবিলম্বে কূটনৈতিক ও আন্তর্জাতিক পদক্ষেপের দাবি চাকসুর
সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধে অবিলম্বে কার্যকর কূটনৈতিক উদ্যোগ ও আন্তর্জাতিক আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।
বুধবার (৩ ডিসেম্বর) রাতে চাকসুর জিএস সাইদ বিন হাবিবের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব দাবি জানায় চাকসু।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন। গত সপ্তাহে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা আমাদের গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ করেছে, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের নাগরিকদের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব বলে আমরা বিশ্বাস করি।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সীমান্তে বহু বছর ধরে নির্বিচারে বাংলাদেশি হত্যা চললেও তারা কখনো ন্যায্য বিচার পায়নি এবং ভারতীয় নিরাপত্তা বাহিনীর আচরণে কোনো ইতিবাচক পরিবর্তন দেখা যায়নি। এতে সাধারণ মানুষের রাষ্ট্রের প্রতি আস্থা ক্ষুণ্ণ হচ্ছে বলে মন্তব্য করা হয়।
বিজ্ঞপ্তিতে চাকসুর দাবি করেন, বাংলাদেশ সরকারকে কূটনৈতিক উদ্যোগ আরও কঠোর ও ফলপ্রসূ করতে হবে। সীমান্তে হত্যার সকল ঘটনা তদন্ত করতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর হস্তক্ষেপ নিশ্চিত করতে হবে। প্রতিটি হত্যার ঘটনার বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক আদালত বা উপযুক্ত আইনি প্ল্যাটফর্মে পদক্ষেপ নিতে হবে।
সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা সুরক্ষায় অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের মানুষ আর শোক সংবাদ শুনতে চায় না, একজন নাগরিকের জীবন রক্ষা করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব, সীমান্তে নির্বিচারে হত্যাকাণ্ড বন্ধে সরকারকে অবিলম্বে সময়োপযোগী ও দৃঢ় পদক্ষেপ নিতে হবে।
চাকসু নিহতদের প্রতি গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, বাংলাদেশি নাগরিকদের জীবন ও স্বাধীনতা রক্ষায় কূটনৈতিক ও আইনি উদ্যোগই এখন সবচেয়ে জরুরি। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এসব হত্যার সঠিক তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।








আপনার মতামত লিখুন