ইবি সাংবাদিক সমিতির সভাপতি মুনিম, সম্পাদক জুয়েল

ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে আল ফিকহ্ অ্যান্ড ‘ল বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী ও দৈনিক খবরের কাগজের ক্যাম্পাস প্রতিনিধি নিয়ামতুল্লাহ মুনিম ও সাধারণ সম্পাদক হিসেবে এনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ডেইলি অবজারভারের ক্যাম্পাস প্রতিনিধি জুয়েল রানা নির্বাচিত হয়েছেন।
রোববার (৭ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এসময় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। এছাড়াও নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনটির সাবেক সভাপতি সুজা উদ্দিন ও ইমরান শুভ্র। নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোর্শেদ মামুন
(কালবেলা), যুগ্ম সাধারণ সম্পাদক ইদুল হাসান ফারহান (দিনকাল), অর্থ সম্পাদক জামাল উদ্দিন (শিক্ষাবার্তা), দপ্তর সম্পাদক তানিম তানভীর (রাইজিং বিডি), প্রচার সম্পাদক আবু উবায়দা (বাসস) ও কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান (ইত্তেফাক)
নব-নির্বাচিত সাধারণ সম্পাদক জুয়েল রানা বলেন, ‘আমাকে নির্বাচিত করায় ইবিসাসের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখতে অগ্রজদের ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়কে সুন্দর রাখতে সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।’
নব-নির্বাচিত সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম বলেন, ‘আমার উপর আস্থা রাখায় ইবিসাসের সকল সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার উপর অর্পিত এ দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করবো। এক্ষেত্রে সকলের সহযোগিতা কাম্য।’







আপনার মতামত লিখুন