৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার দুই বছরের শিশু সাজিদ
রাজশাহীর তানোরে নলকূপের অরক্ষিত গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে দীর্ঘ ৩২ ঘণ্টা পর জীবিত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টায় তাকে উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী।
উদ্ধারের পর শিশুটিকে দ্রুত চিকিৎসার জন্য মেডিকেল টিমের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে।
কীভাবে ঘটল দুর্ঘটনা
বুধবার দুপুরে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। মা ও ভাইয়ের সঙ্গে বাড়ির পাশের একটি খড়ঢাকা জমি পার হওয়ার সময় হঠাৎ নিচে লুকিয়ে থাকা গভীর নলকূপের খোলা গর্তে পড়ে যায় সাজিদ।
মায়ের ভাষায়, পেছন থেকে “মা মা” চিৎকার শুনে ঘুরে দেখেন সন্তান আর পাশে নেই। খড় সরাতেই প্রকাশ পায় গভীর মৃত্যুকূপ।
স্থানীয়দের অভিযোগ
স্থানীয়রা জানান, গত বছর এক ব্যক্তি এখানে গভীর নলকূপ বসানোর চেষ্টা করেছিলেন। ১২০ ফুট খননের পরও পানি না পেয়ে কাজ বন্ধ করে গর্তটি মুখ খোলা অবস্থায় পরিত্যক্ত রাখা হয়।
বৃষ্টির পানিতে মুখ আরও বড় হয়। কোনো সতর্কতা বা ঢাকনা না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ তাদের।
উদ্ধার অভিযান
দুর্ঘটনার পর মুহূর্তেই জমে যায় হাজারো মানুষের ভিড়। গর্তের পাশে সারারাত সন্তানকে ফিরে পাওয়ার আশায় কাঁদতে থাকেন সাজিদের মা।
প্রাথমিক কয়েক ঘণ্টা সাজিদের সাড়াশব্দ পাওয়া গেলেও পরে নীরবতা নামে গর্তের ভেতর। এ কারণে উদ্ধারকর্মীরা আরও শঙ্কিত হয়ে পড়েন।
ফায়ার সার্ভিস গর্তের ভেতর অবিরাম অক্সিজেন সরবরাহ করে। ঘটনাস্থলে সার্বক্ষণিক উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস, মেডিকেল টিম ও উপজেলা প্রশাসন।
উদ্ধারের আগে সন্ধ্যায় লে. কর্নেল তাজুল ইসলাম জানান, “শিশুটির বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ হলেও জীবিত বা মৃত—যে অবস্থাতেই হোক, তাকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান চলবে।”
অবশেষে টানা ৩২ ঘণ্টার চেষ্টার পর উদ্ধার হয় শিশু সাজিদ।








আপনার মতামত লিখুন