ওসমান হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে মেরিটাইম শিক্ষার্থীদের বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর ওপর সংঘটিত নৃশংস হামলার প্রতিবাদে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের মেঘনা ভবনের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়।
সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদীর ওপর হামলা গণতান্ত্রিক স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। নিরস্ত্র একজন মানুষকে হত্যাচেষ্টা—এটি ন্যক্কারজনক ও অগ্রহণযোগ্য ঘটনা।
এসময় শিক্ষার্থীরা ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘হাদির ওপর হামলা কেন, জবাব চাই জবাব চাই’, ‘সন্ত্রাসীদের আস্তানা ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’, ‘সন্ত্রাস রাজনীতি, একসাথে চলে না’, ‘হাদী ভাইয়ের কিছু হলে, জুলাই আবার আসবে ফিরে’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’ স্লোগান দিতে থাকে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহমেদ মুক্তাফি রোহান বলেন, “জুলাই পরবর্তী স্বাধীন বাংলাদেশে এমন হামলা রাষ্ট্রযন্ত্রের ভয়াবহ ব্যর্থতা। একজন এমপি পদপ্রার্থীকে নিরাপত্তা দিতে না পারা গোটা গণতান্ত্রিক পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে। নির্বাচনী ইশতেহার ঘোষণার পরের দিনই এমন ঘটনা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে কঠোরভাবে প্রশ্নের মুখে ফেলে।”
আরেক শিক্ষার্থী সাদিকুর রহমান সাদি বলেন, “নির্বাচনের আগ মুহূর্তে এ ধরনের হামলা পতিত অপশক্তির জঘন্য খেলা। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ অপশক্তিকে প্রতিহত করতে হবে।”
বিক্ষোভ শেষে আন্দোলনকারীরা ওসমান হাদীর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনার দাবি জানান।







আপনার মতামত লিখুন