রাবি ভর্তি পরীক্ষায় এআই ব্যবহার করে নকলের চেষ্টা, এক পরীক্ষার্থী আটক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষা চলাকালে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নকলের চেষ্টার অভিযোগে এক পরীক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় প্রথম শিফটের পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের জহির জগদীশচন্দ্র বসু বিজ্ঞান ভবনের একটি পরীক্ষা কক্ষ থেকে ওই পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পরীক্ষা চলাকালে অনলাইন ডিভাইস (মোবাইল ফোন) ব্যবহার করে ‘ডিপসিক’ নামক একটি এআই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রশ্নের উত্তর বের করার চেষ্টা করেন ওই শিক্ষার্থী। বিষয়টি নজরে এলে দায়িত্বরত শিক্ষক সঙ্গে সঙ্গে তাকে মোবাইল ফোনসহ আটক করেন এবং প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক পরীক্ষার্থীর পরিচয় জানা যায়, তার নাম দিব্য জ্যোতি সাহা। তিনি খুলনা জেলার বাসিন্দা এবং তার পিতা সাহা চঞ্চল কুমার। দিব্য জ্যোতি ঢাকার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের সাবেক শিক্ষার্থী।
তিনি ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঘটনার তদন্ত শেষে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে।








আপনার মতামত লিখুন