খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি নির্দেশনা মোতাবেক বন্ধ হচ্ছে বুটেক্স, হল ত্যাগের নির্দেশ

মো. রিফাত খান, বুটেক্স প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১০:০১ অপরাহ্ণ
সরকারি নির্দেশনা মোতাবেক বন্ধ হচ্ছে বুটেক্স, হল ত্যাগের নির্দেশ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সরকারি-বেসরকারি সব বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আদেশ মোতাবেক ৯ মার্চ থেকে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ছুটি ও ১২ মার্চ থেকে আবাসিক হলসমূহ বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। আজ সোমবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশনা অনুযায়ী শবে কদর, জুমাতুল বিদা, পবিত্র ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ৯ মার্চ হতে ২৬ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এসময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, নিয়োগ পরীক্ষা, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ইফতার মাহফিল এবং লেভেল-১ টার্ম-১ এর ভর্তির সাক্ষাৎকারসহ সকল ঘোষিত কার্যক্রম স্থগিত থাকবে। আগামী ৭ এপ্রিল ভর্তির সাক্ষাৎকারের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ আগামী ১২ মার্চ হতে ২৬ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে এবং শিক্ষার্থীদের আগামী ১১ মার্চ রাত ৮টার মধ্যে হল ত্যাগ করতে বলা হয়েছে। পরবর্তীতে ২৭ মার্চ সকাল ৬টা থেকে আবাসিক হলগুলো পুনরায় খুলে দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ছুটির সময়েও বিশ্ববিদ্যালয়ের কিছু প্রশাসনিক দপ্তর সীমিত আকারে কার্যক্রম পরিচালনা করবে। রেজিস্ট্রার দপ্তরের প্রশাসন শাখা, অর্থ ও হিসাব দপ্তর, অডিট সেল, আইসিটি সেল এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের জরুরি কার্যক্রম ৯ মার্চ থেকে ১১ মার্চ পর্যন্ত সীমিত আকারে চালু থাকবে। পাশাপাশি ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা, যানবাহন ও ইউটিলিটি সেবাসমূহ সচল রাখতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে প্রশাসনের এমন সিদ্ধান্তে কিছু শিক্ষার্থী ভোগান্তির আশঙ্কা প্রকাশ করেছেন। ৪৮তম ব্যাচের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আজিজ হলের আবাসিক শিক্ষার্থী নাহিদ হাসান বলেন, “প্রতি বছরের মতো এ বছরও ঈদের ছুটিতে বাড়ি ফেরার জন্য ২২ রমজানের পর ট্রেনের টিকিট কেটেছিলাম। কিন্তু হঠাৎ করে ১১ তারিখের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঈদের সময় বাস ও ট্রেনের টিকিট পাওয়া কঠিন। অল্প সময়ের মধ্যে নতুন করে টিকিট সংগ্রহ করা আমার জন্য বেশ কঠিন হয়ে পড়েছে।”

জি. এম. এ. জি ওসমানী হলের ৫০তম ব্যাচের ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের আবাসিক শিক্ষার্থী জান্নাতুল আহসান নাঈম বলেন, “হঠাৎ করে হল বন্ধের সিদ্ধান্তে অনেক শিক্ষার্থী বিপাকে পড়েছে। অনেকেই ১৩–১৪ তারিখের ট্রেন বা বাসের টিকিট আগে থেকেই কেটে রেখেছে। যদি ১২ তারিখ থেকেই হল বন্ধ করে দেওয়া হয়, তাহলে এই দুই দিন তারা কোথায় থাকবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এছাড়া হলে অনেক হিন্দু শিক্ষার্থী আছেন, যারা ঈদের সময় বাড়ি যান না, তাদের বিষয়টিও বিবেচনা করা উচিত ছিল।”

লেভেল-১ টার্ম-১ ভর্তির সাক্ষাৎকার স্থগিত হওয়ায় বেশ কিছু ভর্তিচ্ছু শিক্ষার্থীও ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, অনেকেই ইতোমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তাই তারা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন যেন পূর্বনির্ধারিত তারিখেই ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয়।

এ বিষয়ে সৈয়দ নজরুল ইসলাম হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট মো. মোতাকাব্বির হাসান (তমাল) বলেন, “হল ভ্যাকেন্ট হবার বিষয়টি জাতীয় পর্যায়ের সিদ্ধান্তের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সামগ্রিক সুবিধা বিবেচনাপূর্বকই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমি শিক্ষার্থীদের সুবিধা ও অসুবিধার বিষয়টি অবশ্যই বিবেচনায় রাখবো।”

ভর্তি কার্যক্রম স্থগিত হওয়ার বিষয়ে তিনি বলেন, “এটি কেবল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিদ্ধান্ত নয়, জাতীয় পর্যায়ের সিদ্ধান্তের প্রেক্ষিতে ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের রেজিস্ট্রার অফিসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা বলেন, “সরকারি প্রজ্ঞাপন ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার কারণে আগামী ১০ মার্চ নির্ধারিত ভর্তি কার্যক্রম স্থগিত করে ৭ এপ্রিল নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের জাতীয় লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে আবাসিক হলগুলোও বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা যেন প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারে, সেই সুযোগ দিতে ১২ মার্চ থেকে হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত পরিবর্তনের আর কোনো সুযোগ নেই।”

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা