ঢাবি ছাত্রদলের নতুন নেতৃত্বের গুঞ্জন: আলোচনায় আছেন যারা
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিটগুলোর একটি হিসেবে বিবেচিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা। দীর্ঘদিন পর সংগঠনটির এ শাখায় নতুন নেতৃত্ব গঠনের আলোচনা জোরালো হওয়ায় সম্ভাব্য নেতৃত্ব নিয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।
সংগঠন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৪ সালের জাতীয় নির্বাচনের পর ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগের নির্যাতনের শিকার হওয়া নেতাকর্মীদের এবারের নেতৃত্বে অগ্রাধিকার দেওয়া হতে পারে। সম্ভাব্য নেতৃত্বের তালিকায় মূলত ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫ এবং ২০১৫-১৬ সেশনের নেতারা বেশি আলোচনায় রয়েছেন।
২০১২-১৩ সেশন থেকে সম্ভাব্য নেতৃত্বের তালিকায় রয়েছেন নূর আলম ভূঁইয়া ইমন। আর ২০১৩-১৪ সেশন থেকে আলোচনায় আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন, ইমাম আল নাসের মিশুক এবং জসিম খান।
এদিকে ২০১৪-১৫ সেশন থেকে ফেরদৌস আলম, সাইফ খান এবং বিএম কাওসারের নাম নেতৃত্বের আলোচনায় এসেছে। এছাড়া ২০১৫-১৬ সেশন থেকে রয়েছেন ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, বজলুর রহমান বিজয় এবং মল্লিক ওয়াসি উদ্দিন তামী।
অন্যদিকে অপেক্ষাকৃত নবীন সেশন হিসেবে ২০১৬-১৭ ও ২০১৭-১৮ সেশন থেকেও কয়েকজন নেতার নাম আলোচনায় এসেছে। তাদের মধ্যে রয়েছেন ঢাবি ছাত্রদলের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবু হায়াত মো. জুলফিকার জিসান এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান।
এছাড়া ২০১৮-১৯ সেশন থেকে আলোচনায় রয়েছেন কবি জসিম উদ্দিন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম এবং বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ।
ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, তৃণমূলের মতামত, সাংগঠনিক দক্ষতা ও আন্দোলন-সংগ্রামে ভূমিকার ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। তবে কবে নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
দীর্ঘদিন ধরে পূর্ণাঙ্গ কমিটি না থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে নতুন নেতৃত্ব ঘোষণার প্রত্যাশা তৈরি হয়েছে। সম্ভাব্য নেতৃত্ব নিয়ে ইতোমধ্যে সংগঠনের ভেতরে নানা আলোচনা চললেও কেন্দ্রীয় সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে আছেন সংশ্লিষ্টরা।








আপনার মতামত লিখুন