ইরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজের ইঙ্গিত ট্রাম্পের, নিষেধাজ্ঞা শিথিলের আভাস
ছবি: ইন্টারনেট।
ইরানের সঙ্গে ‘ঘনিষ্ঠভাবে’ কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা শিথিল বা প্রত্যাহারের ইঙ্গিতও দিয়েছেন তিনি।
বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। তবে তিনি স্পষ্ট করে দেন, ইরানকে কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ দেওয়া হবে না।
ট্রাম্প দাবি করেন, গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর মাটির নিচে চাপা পড়া ইউরেনিয়াম অপসারণে ওয়াশিংটন ও তেহরান যৌথভাবে কাজ করতে পারে। তিনি বলেন, এসব স্থাপনা এখনো কঠোর স্যাটেলাইট নজরদারির আওতায় রয়েছে।
তিনি আরও জানান, দুই দেশের মধ্যে শুল্ক ও নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আলোচনা চলছে এবং প্রস্তাবিত ১৫ দফার মধ্যে অনেক বিষয়ে অগ্রগতি হয়েছে।
এদিকে, ইরান যে শর্তে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, তার মধ্যে ইউরেনিয়াম মজুদে হস্তক্ষেপ না করার বিষয়টি অন্যতম বলে জানা গেছে। তবে এ বিষয়ে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে।
ট্রাম্পের এ মন্তব্যের পর এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান।
সূত্র: রয়টার্স







আপনার মতামত লিখুন