জাবির প্রত্নতত্ত্ব বিভাগের উদ্যোগে নাইট টুর্নামেন্ট, নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত আয়োজন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে ব্যতিক্রমধর্মী এক ক্রিকেট নাইট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার সামনে শর্ট পিচে আয়োজিত এই টুর্নামেন্টে বিভাগের ছাত্রদের পাশাপাশি নারী শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ আয়োজনটিকে করে তোলে আরও প্রাণবন্ত।
আয়োজক সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ততা বাড়ানো, মানসিক প্রশান্তি নিশ্চিত করা এবং পারস্পরিক সম্প্রীতি জোরদারের লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
রাতের আলোয় আলোকিত মাঠে খেলাগুলো উপভোগ করতে ভিড় করেন বিভাগের অন্য শিক্ষার্থীরাও। সহপাঠীদের করতালি ও উৎসাহে পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
অংশগ্রহণকারী এক শিক্ষার্থী বলেন, “এ ধরনের আয়োজন আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং ভিন্নধর্মী আনন্দ দেয়।”
নারী শিক্ষার্থীদের একজন জানান, “নাইট টুর্নামেন্টে অংশ নিতে পেরে আমরা দারুণ অভিজ্ঞতা অর্জন করেছি। ভবিষ্যতেও এমন আয়োজন চাই।”
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু বলেন, বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আয়োজন নিয়মিত রাখা উচিত। এতে শিক্ষার্থীদের শরীর ও মন সুস্থ ও প্রফুল্ল থাকবে। এমন উদ্যোগ শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করে। এ ধরনের আয়োজনে আমি আমার সাধ্যমতো সহযোগিতা করে যাব।








আপনার মতামত লিখুন