বেরোবিতে রিআর্থ ক্লাব-এর প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ব পৃথিবী দিবস উদযাপিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-এ অত্যন্ত আনন্দঘন ও স্নিগ্ধ পরিবেশে রিআর্থ ক্লাব (ReEarth Club)-এর উদ্যোগে বিশ্ব পৃথিবী দিবস এবং সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। যান্ত্রিক জীবনের কোলাহল থেকে দূরে সরে প্রকৃতির সাথে একাত্ম হওয়ার আহ্বানে এই বিশেষ কর্মসূচি পালিত হয়।
শুক্রবার (২৪শে এপ্রিল) ভোরে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক প্রাঙ্গণে এই ব্যতিক্রমী আয়োজনটি অনুষ্ঠিত হয়।

সকাল ৬টায় অংশগ্রহণকারীদের একত্রিত হওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে। এরপর শুরু হয় খালি পায়ে মৌন পদযাত্রা বা সাইলেন্ট বেয়ারফুট ওয়াক, যা সবাইকে ভোরের শান্ত প্রকৃতির সাথে নিবিড় সংযোগ স্থাপনে সাহায্য করে। পরবর্তীতে অনুষ্ঠিত হয় বিশেষ ধ্যান বা মেডিটেশন পর্ব। প্রকৃতিকে উপজীব্য করে সকলে ইকো-আর্ট-এ মেতে ওঠেন। এরপর সার্কেল শেয়ারিং ও উন্মুক্ত আড্ডার মাধ্যমে উপস্থিত সকলে নিজেদের পরিবেশ বিষয়ক ভাবনা, ক্লাবের প্রতি মনোভাব এবং ব্যক্তিগত অভিজ্ঞতা বিনিময় করেন।
রিআর্থ ক্লাবের সভাপতি তাসবীন শাকীব বলেন, রিআর্থ ক্লাব প্রাণ-প্রকৃতি ও মানুষের সহাবস্থান ও টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে কাজ করে। গত ২২ এপ্রিল ছিল ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। সে দিবস উপলক্ষে আমাদের এই আয়োজন। আয়োজনের মাধ্যমে আমরা পৃথিবীকে ভিন্নভাবে অনুভব করার চেষ্টা করেছি। পাশাপাশি আলোচনায় পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন, যুদ্ধ-বিগ্রহসহ বিভিন্ন বৈশ্বিক সংকট উঠে এসেছে।
সেক্রেটারি আল শাহারিয়া বলেন, শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং প্রকৃতির প্রতি ভালোবাসা সৃষ্টির লক্ষ্যেই আমাদের এই ব্যতিক্রমী আয়োজন। ক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী এবং বিশ্ব পৃথিবী দিবসে প্রকৃতির এত কাছাকাছি একটি স্নিগ্ধ সকাল কাটাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।







আপনার মতামত লিখুন