খুবিতে ঢাকার বাইরে প্রথম ন্যাট টেস্ট সাইট স্থাপন

দেশের উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ, বৈশ্বিক দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে নতুন মাইলফলক অর্জন করেছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। বিশ্ববিদ্যালয়টি আনুষ্ঠানিকভাবে জাপানি ভাষা দক্ষতা যাচাইয়ের পরীক্ষা ন্যাট (জাপানিজ ল্যাঙ্গুয়েজ ন্যাট-টেস্ট)-এর অফিশিয়াল টেস্ট সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে।
এর মাধ্যমে ঢাকার বাইরে প্রথম ন্যাট টেস্ট সাইট হিসেবে ইতিহাস গড়লো খুলনা বিশ্ববিদ্যালয়।
এই উদ্যোগের ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ সারাদেশের শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী ও বিদেশগামী কর্মীদের জন্য আন্তর্জাতিক মানের এই পরীক্ষায় অংশগ্রহণ আরো সহজ হবে বলে আশা করা হচ্ছে।
ন্যাট-টেস্ট জাপানি ভাষা দক্ষতা মূল্যায়নের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি পরীক্ষা, যা জাপানে উচ্চশিক্ষা, বৃত্তি, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমানে জাপানে দক্ষ মানবসম্পদের চাহিদা বাড়ায় বাংলাদেশ থেকেও অনেক শিক্ষার্থী ও কর্মপ্রত্যাশী সেখানে যাওয়ার আগ্রহ দেখাচ্ছেন।
এতদিন পরীক্ষার্থীদের ঢাকায় গিয়ে পরীক্ষা দিতে হতো, যা সময় ও ব্যয়ের দিক থেকে ভোগান্তির কারণ ছিল।
খুলনা বিশ্ববিদ্যালয়ে ন্যাট টেস্ট সাইট চালু হওয়ায় এখন থেকে দক্ষিণাঞ্চলসহ দেশের বিভিন্ন অঞ্চলের পরীক্ষার্থীরা নিজ এলাকাতেই এই পরীক্ষায় অংশ নিতে পারবেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, এই অর্জন উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ ও দক্ষ মানবসম্পদ উন্নয়নের জাতীয় লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক পরিচিতি ও বৈশ্বিক সম্পৃক্ততাও আরো বাড়বে।
এ প্রসঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ন্যাট-এর অফিসিয়াল টেস্ট সাইট হিসেবে স্বীকৃতি পাওয়া আমাদের জন্য গৌরবের বিষয়। এটি বিশেষ করে জাপানে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানে আগ্রহী তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।
প্রসঙ্গত, জাপানি ভাষা পরীক্ষাটি পরিচালনাকারী প্রতিষ্ঠান Senmon Kyouiku Publishing-এর প্রেসিডেন্ট ও ডিরেক্টর সাতোশি কামাতা খুলনা বিশ্ববিদ্যালয় সফর করে এ বিষয়ে আলোচনা করেন। পরবর্তীতে দুই পক্ষের সমঝোতায় বিশ্ববিদ্যালয়ে ন্যাট টেস্ট সাইট স্থাপনের বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. মো. আশিক উর রহমান বলেন, এই উদ্যোগ জাপানসহ বৈশ্বিক শ্রমবাজারে প্রবেশের সুযোগ তৈরি করবে ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ন্যাট পরীক্ষার নিবন্ধন ইতোমধ্যে শুরু হয়েছে। আগ্রহীরা নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্ম https://nat-test.ku.ac.bd এর মাধ্যমে বিস্তারিত তথ্য ও নিবন্ধনের সুযোগ পাবেন








আপনার মতামত লিখুন