চুরি ঠেকাতে বেরোবির হলে কার্ড ব্যবস্থা চালু করল প্রশাসন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর আবাসিক হলগুলোতে একের পর এক সাইকেল চুরির ঘটনার পর নিরাপত্তা জোরদারে সাইকেল, মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের জন্য ‘কার্ড ব্যবস্থা’ চালু করেছে শহীদ মুখতার ইলাহী হল প্রশাসন।
আজ বুধবার (২০ মে) দুপুরে এ কার্যক্রম চালু করা হয়।
হল সূত্রে জানা যায়, কোনো আবাসিক শিক্ষার্থী সাইকেল বা মোটরসাইকেল নিয়ে হলে প্রবেশ করলে তাকে একটি নির্দিষ্ট কার্ড দেওয়া হবে। পরে যানবাহন নিয়ে বের হওয়ার সময় সেই কার্ড জমা দিতে হবে। এর ফলে কেউ সাইকেল বা মোটরসাইকেল চুরি করে বের হতে চাইলে কার্ড দেখাতে না পারায় তাকে সহজেই শনাক্ত করা সম্ভব হবে বলে মনে করছে হল প্রশাসন।
এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান বলেন, হলে একাধিক সাইকেল চুরির অভিযোগ এসেছে। শিক্ষার্থীদের মালামাল নিরাপদ রাখতে হল প্রশাসন এ কার্ড ব্যবস্থা চালু করেছে। পাশাপাশি হলে আরও সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আশা করছি, এখন আর চুরির ঘটনা ঘটবে না।
উল্লেখ্য, গত রমজানের ছুটিতে হলে প্রায় দেড় লাখ টাকার নেটওয়ার্ক সুইচ চুরির ঘটনা ঘটে। এছাড়াও বিভিন্ন সময়ে সাইকেল ও ল্যাপটপ চুরির ঘটনাও ঘটেছে।








আপনার মতামত লিখুন