আশুরা উপলক্ষে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা, ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং বর্তমানে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন মোসলেহ্ উদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর হোসনি দালান এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার জানান, তাজিয়া মিছিলে কোনো ধরনের ধারালো অস্ত্র বহন করা যাবে না। একই সঙ্গে আতশবাজি, পটকা, বিস্ফোরক ও দাহ্য পদার্থ ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এসব নির্দেশনা বাস্তবায়নে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট বসানো হবে এবং মিছিলের প্রবেশপথগুলোতে তল্লাশি চালানো হবে।
তিনি আরও বলেন, যেকোনো সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা ও সাদা পোশাকের সদস্যরাও দায়িত্ব পালন করবেন। এছাড়া সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ এবং প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করা হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোসলেহ্ উদ্দিন আহমেদ বলেন, নিষিদ্ধ কর্মকাণ্ডে জড়িত কোনো গোষ্ঠী বা সন্দেহভাজন ব্যক্তিরা যাতে মিছিল বা সমাবেশকে ব্যবহার করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। তাদের যেকোনো পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।







আপনার মতামত লিখুন