ভিআইপি-সাধারণ ভেদাভেদ নয়, সংসদে সবার হাতে বিরোধীদলীয় নেতার আম উপহার
জাতীয় সংসদে এক ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে আলোচনায় এসেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। সংসদের স্পিকার, মন্ত্রী, সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের পাশাপাশি সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য পাঠিয়েছেন ১০ কেজি ওজনের আমের উপহার।
সোমবার (২২ জুন) সকাল থেকে সংসদ ভবনের বিভিন্ন দফতরে এই উপহার পৌঁছে দেওয়া হয়। জানা যায়, সুদৃশ্য প্যাকেটে প্রিমিয়াম মানের মৌসুমি আম ছিল। সংসদের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
বিশেষভাবে আলোচিত হয়েছে উপহার বিতরণে সমতার বিষয়টি। সংসদ সদস্যদের পাশাপাশি অফিস সহায়ক, পিয়ন, ঝাড়ুদার, লিফটম্যান ও গাড়িচালকরাও এই উপহার পেয়েছেন।
সংসদ সচিবালয়ের এক কর্মচারী বলেন, সাধারণত এ ধরনের উপহার উচ্চপদস্থ ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু এবার সব স্তরের কর্মচারীদের অন্তর্ভুক্ত করায় তারা সম্মানিত বোধ করছেন।
এদিকে, সরকারি দলের কয়েকজন সংসদ সদস্যও এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পারস্পরিক সৌজন্য ও মানবিক মূল্যবোধের এমন উদাহরণ প্রশংসার দাবি রাখে।
সংশ্লিষ্টরা বলছেন, বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর ড. শফিকুর রহমান বিভিন্ন মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে আসছেন। সংসদজুড়ে আম বিতরণের এই আয়োজনও তারই একটি অংশ, যা সাধারণ কর্মচারীদের প্রতি সম্মান ও মূল্যায়নের বার্তা বহন করে।








আপনার মতামত লিখুন