কচুয়ায় বৃদ্ধা হত্যা: ১২ ঘণ্টার মধ্যে মূল সন্দেহভাজন গ্রেপ্তার, লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার
চাঁদপুরের কচুয়ায় বৃদ্ধা ফাতেমা বেগম হত্যা মামলার মূল সন্দেহভাজনকে ঘটনার প্রায় ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় নিহতের বাড়ি থেকে লুট হওয়া স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার গভীর রাতে উপজেলার পাথৈর ইউনিয়নের বেরকোটা গ্রামে সিঁদ কেটে একটি ঘরে প্রবেশ করে দুর্বৃত্তরা। এ সময় ঘরের বাসিন্দা ফাতেমা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়। পরে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় তারা।
ঘটনার পর পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় তদন্তে নামে কচুয়া থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলামের নেতৃত্বে সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাজ্জাদ হোসেন ও সঙ্গীয় ফোর্স তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে মো. ইয়াসিন মিয়াজী (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করে। তিনি একই উপজেলার বেরকোটা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াসিন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ি থেকে লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, এটি প্রথমে একটি সূত্রবিহীন হত্যাকাণ্ড হিসেবে মনে হলেও পুলিশের দ্রুত তদন্ত ও অভিযানের মাধ্যমে অল্প সময়ের মধ্যে মূল সন্দেহভাজনকে গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।








আপনার মতামত লিখুন