৪৮ ঘণ্টায় শাহরাস্তিতে পুলিশের সাঁড়াশি অভিযান; চুরি মামলার আসামিসহ ৭ জন গ্রেপ্তার
উদ্ধার ৪৮ পিস ইয়াবা

চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের টানা ৪৮ ঘণ্টার সাঁড়াশি অভিযানে একটি চুরি মামলার আসামিসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে পৃথক চারটি মাদকবিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে ৪৮ পিস ইয়াবা।
পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ও নির্দেশনায় ২ ও ৩ জুলাই উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
৩ জুলাই এসআই (নিঃ) শেখ রায়হানুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে একটি নিয়মিত চুরি মামলার (মামলা নং-১০, তারিখ: ৭ জুন ২০২৬) তদন্তে সন্দেহভাজন আসামি মোহাম্মদ হোসেন (২৩)-কে গ্রেপ্তার করেন। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
একই দিনে এসআই (নিঃ) আব্দুল কুদ্দুছ সরকার ঠাকুর বাজার–মাজার সড়ক এলাকায় অভিযান চালিয়ে অমিত সাহা (২১)-কে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন। এছাড়া এসআই (নিঃ) শফিকুল ইসলাম চিতোষী বাজার এলাকায় অভিযান চালিয়ে আকাশ (২৪)-কে ১১ পিস ইয়াবাসহ আটক করেন।
এর আগে, ২ জুলাই এসআই (নিঃ) শফিকুল ইসলাম আয়নাতলী এলাকায় অভিযান চালিয়ে টুটুল (২৬) ও শরীফ (২৪)-কে ৯ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন। একই দিনে এসআই (নিঃ) মিঠুন দাস শাহরাস্তি পৌরসভার তালতলা–মাজার সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে ওমর ফারুক (৩৩) ও মনির হোসেন (৩৬)-কে ১১ পিস ইয়াবাসহ আটক করেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক মামলা রুজু করা হয়েছে। এছাড়া চুরি মামলার গ্রেপ্তারকৃত আসামিসহ সকলকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা পুলিশ জানায়, মাদক, চুরি ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।








আপনার মতামত লিখুন