জাবিতে র্যাগিংয়ের অভিযোগে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগে বিভাগের ৫৪তম ব্যাচের ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, গত ৩ জুলাই দিবাগত রাত ১১টা থেকে রাত ১টার মধ্যে ইতিহাস বিভাগের ৫৪তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জড়ো করে গালিগালাজ, শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাওয়া যায়। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর সংশ্লিষ্ট ধারার পরিপন্থী হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন— নাছিম উদ্দিন মজুমদার, মো. মাহফুজুর রহমান অন্ত, আব্দুল্লাহ মাহদী, শুভাশীষ রায় প্রান্ত, মো. আবু আবতাহী অনিক, মো. রায়হান খান, মো. নাঈমুল হাসান, মো. ইসফাক হাদী, নাঈম আহমেদ সজিব, কার্তিক চন্দ্র রায়, কাজী শাহ জামশেদ আলম নাবিল এবং সাইফুল্লাহ মানসুর আনান।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সাময়িক বহিষ্কারের পাশাপাশি অভিযোগের বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারসহ আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।








আপনার মতামত লিখুন