ব্রাজিলের বিদায়, হালান্ডের জোড়া গোলে স্বপ্নভঙ্গ ‘মিশন হেক্সা’
কোয়ার্টার ফাইনালে নরওয়ে
ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। আর্লিং হালান্ডের জোড়া গোলে ৩৬ বছর পর রাউন্ড অব সিক্সটিন থেকেই বিদায় নিতে হলো সেলেসাওদের। একই সঙ্গে আবারও অধরা রয়ে গেল ব্রাজিলের বহুল আকাঙ্ক্ষিত ‘মিশন হেক্সা’।
রবিবার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল ব্রাজিল। ১৪তম মিনিটে পেনাল্টি পেলেও সেটিকে গোলে রূপ দিতে পারেননি ব্রুনো গিমারাইস।
৪০তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত শট ঠেকিয়ে নরওয়েকে রক্ষা করেন গোলরক্ষক ওরইয়ান নিল্যান্ড।
অন্যদিকে প্রথমার্ধের শেষ দিকে নরওয়ের একটি বিপজ্জনক আক্রমণ প্রতিহত করেন ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন বেকার। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে উভয় দলই আক্রমণের তীব্রতা বাড়ালেও গোলের দেখা মিলছিল না। ৭০তম মিনিটে নেইমার জুনিয়রকে মাঠে নামান ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। একই সময়ে নরওয়েও কয়েকটি পরিবর্তন আনে।
এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন আর্লিং হালান্ড। ৭৯তম মিনিটে দুর্দান্ত হেডে নরওয়েকে এগিয়ে দেন তিনি। নির্ধারিত সময়ের এক মিনিট আগে আবারও ব্রাজিলের রক্ষণভাগ ভেদ করে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে দ্বিতীয় গোল করেন ম্যানচেস্টার সিটির এই তারকা।
অতিরিক্ত সময়ে ব্রাজিল একটি পেনাল্টি পেলে সেখান থেকে গোল করেন নেইমার। তবে সেটি কেবল ব্যবধানই কমাতে পেরেছে। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নরওয়ে।
এই জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। আগামী শনিবার (১১ জুলাই) দিবাগত রাত ৩টায় তারা মেক্সিকো ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে।








আপনার মতামত লিখুন