চাঁদপুরে যুব মহিলা লীগ নেত্রী ফরিদা ইলিয়াস গ্রেপ্তার
ফরিদা ইলিয়াস। ছবি- সংগ্রহিত।
আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা আওয়ামী লীগের চাঁদপুর জেলা শাখার সভাপতি ও চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ফরিদা ইলিয়াসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৮ জুলাই) সকালে চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত আবদুল গফুরের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের পর ফরিদা ইলিয়াস আত্মগোপনে ছিলেন। তবে গত কয়েক মাস ধরে তিনি প্রকাশ্যে চলাফেরা শুরু করেন এবং দলীয় বিভিন্ন কর্মকাণ্ডের নতুন ও পুরোনো ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূরের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবির এবং চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন।
চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ জানান, ফরিদা ইলিয়াসের বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়াসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।








আপনার মতামত লিখুন