অগ্ন্যাশয়ের ক্যান্সারে আক্রান্ত চবির সাবেক শিক্ষার্থী, সহযোগিতার আবেদন

ছবি- মো. শফিকুল সাজু।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দর্শন বিভাগের সাবেক শিক্ষার্থী এবং নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো. শফিকুল সাজু অগ্ন্যাশয় (প্যানক্রিয়াস) ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থ, যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। এ অবস্থায় সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে তার পরিবার।
১৯৮৮ সালে নোয়াখালীর সুবর্ণচরে জন্মগ্রহণকারী শফিকুল সাজু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে ২০০৭-০৮ শিক্ষাবর্ষে ভর্তি হন এবং সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে ৩৫তম বিসিএস (শিক্ষা) ক্যাডারের মাধ্যমে সরকারি কলেজে শিক্ষকতা পেশায় যোগ দেন। বর্তমানে তিনি কবিরহাট সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
শিক্ষাজীবন থেকেই তিনি সমাজসেবা, বিতর্ক, সাংস্কৃতিক কর্মকাণ্ড, রক্তদান এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বিভিন্ন উদ্যোগে সক্রিয় ছিলেন। এছাড়া সুবর্ণচরের শিক্ষার প্রসারে গ্রিন ফিউচার স্কুল অ্যান্ড কলেজ-এর অন্যতম প্রতিষ্ঠাতা এবং হাজী মোশারেফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার উদ্যোগে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার অগ্ন্যাশয়ে ক্যান্সার ধরা পড়ে। উন্নত চিকিৎসার সম্ভাবনা যাচাই করতে তার চিকিৎসাসংক্রান্ত নথিপত্র ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছেও পাঠানো হয়েছে।
বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল। ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এই শিক্ষকের ওজন কমে দাঁড়িয়েছে মাত্র ৪১ কেজিতে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজন হলে তাকে ভারত বা থাইল্যান্ডে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হতে পারে।
পরিবারের ভাষ্য, চিকিৎসার জন্য প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকা প্রয়োজন, যা তাদের পক্ষে বহন করা সম্ভব নয়। এদিকে তার দুই ছোট সন্তান—ছয় বছর বয়সী কন্যা নভেরা সাদমীন এবং সাড়ে চার বছর বয়সী ছেলে ইরাম ফাইয়াজ—বাবার সুস্থ হয়ে ফিরে আসার অপেক্ষায় রয়েছে।
পরিবার তার চিকিৎসার জন্য মানবিক সহায়তার আবেদন জানিয়েছে।
সহায়তা পাঠানোর তথ্য:
ব্যাংক হিসাব
অ্যাকাউন্টের নাম: MD. SAFIKUL ISLAM
ব্যাংক: Sonali Bank, Kalamunsi Bazar Branch, Kabirhat, Noakhali
অ্যাকাউন্ট নম্বর: 3814101012672
রাউটিং নম্বর: 200751270
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস:
বিকাশ (পার্সোনাল): 01701300500
নগদ (পার্সোনাল): 01701300500








আপনার মতামত লিখুন