ফাইনালে লাল কার্ডের পর আবেগঘন বার্তায় ক্ষমা চাইলেন এনজো ফার্নান্দেজ
স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপের শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা জিতে নেয় স্পেন। ম্যাচের শেষদিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।
ম্যাচের দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে স্পেনের ডিফেন্ডার পাউ কুবার্সিকে বিপজ্জনকভাবে ফাউল করার আগে রেফারির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে প্রথম হলুদ কার্ড দেখেন এনজো। এরপর দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।
মাঠ ছাড়ার সময় সমর্থকদের কাছে ক্ষমা চান এনজো। ড্রেসিংরুমে ফেরার পথে হতাশা ও ক্ষোভে সাইডলাইনে থাকা একটি মাইক্রোফোনে লাথিও মারেন তিনি।
ফাইনালের পরদিন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় সমর্থকদের উদ্দেশে এনজো লিখেছেন, “সময় যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন, ফলাফলের চেয়েও বড় কিছু রয়েছে। অনেক বছর ধরে এই দলটি আমাদের সেরাটা দিয়ে প্রতিনিধিত্ব করেছে। তারা শিখিয়েছে, প্রতিযোগিতা শুধু জয়ের জন্য নয়; জাতীয় দলের জার্সির জন্য নিজের সবটুকু উজাড় করে দেওয়া এবং কখনো হার না মানার নাম।”
সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লেখেন, “প্রতিটি ম্যাচে আপনাদের সমর্থন ও ভালোবাসা আমাদের পৃথিবীর যেকোনো প্রান্তে ঘরের মতো অনুভূতি দিয়েছে।”
নিজ দেশের জার্সি পরাকে ক্যারিয়ারের সবচেয়ে বড় সম্মান উল্লেখ করে এনজো ফার্নান্দেজ ভবিষ্যতেও আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ নিবেদন নিয়ে খেলার প্রত্যয় ব্যক্ত করেন।







আপনার মতামত লিখুন