জলাবদ্ধ এলাকা পরিদর্শনে মোশাররফ হোসাইন, নিজস্ব অর্থায়নে ৬০০ বস্তা বালুর সহায়তার ঘোষণা
‘জনপ্রতিনিধি সৎ ও জনকল্যাণমুখী হলে তার সুফল ভোগ করেন নাগরিকরা’

চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মো. মোশাররফ হোসাইন বলেছেন, একজন জনপ্রতিনিধির সততা, আদর্শ ও জনকল্যাণমুখী মানসিকতার ওপর একটি এলাকার মানুষের জীবনযাত্রার মান অনেকাংশে নির্ভর করে। জনপ্রতিনিধি যদি জনগণের প্রকৃত সেবক হিসেবে দায়িত্ব পালন করেন, তবে নাগরিকরাই তার সুফল ভোগ করেন।
বুধবার (২২ জুলাই) বিকেলে চাঁদপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে তিনি জিটি রোড এলাকার বেপারী বাড়ি, পাটোয়ারী বাড়ি ও ছৈয়াল বাড়িসহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থানে গিয়ে বাসিন্দাদের খোঁজখবর নেন। এ সময় তিনি জলাবদ্ধতার কারণে সৃষ্ট দুর্ভোগ, চলাচলের সংকট এবং স্থানীয়দের নানা সমস্যার কথা শোনেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত মানুষের চলাচলের সুবিধার্থে নিজস্ব অর্থায়নে বালিভর্তি ৬০০টি বস্তা সহায়তা দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি এক অসচ্ছল ক্ষুদ্র নারী উদ্যোক্তার ব্যবসা সচল রাখতে ব্যক্তিগতভাবে ৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
মোশাররফ হোসাইন বলেন, দীর্ঘদিনের জলাবদ্ধতা কোনো এলাকার মানুষের নিয়তি হতে পারে না। সঠিক পরিকল্পনা, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা এবং জনবান্ধব উদ্যোগের মাধ্যমে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।
তিনি আরও বলেন, “আল্লাহ যদি আমাকে জনগণের সেবা করার সুযোগ দেন, তাহলে যেকোনো দুর্যোগ, সংকট ও প্রয়োজনে আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে পাশে থাকব।”
তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি। মানুষের দোয়া ও সহযোগিতা নিয়ে একটি পরিচ্ছন্ন, আধুনিক, বাসযোগ্য ও জলাবদ্ধতামুক্ত চাঁদপুর পৌরসভা গড়ে তোলাই তাঁর লক্ষ্য।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








আপনার মতামত লিখুন