মেরিটাইম ইউনিভার্সিটি ফ্রেশার্স ফুটবল টুর্নামেন্টে বিজয়ী ওশ্যানোগ্রাফি

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (বিএমইউ) এর নবাগত শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত হলো ‘বিএমইউ ফ্রেশার্স টুর্নামেন্ট-২০২৬’। শনিবার (২৫ জুলাই) মিরপুরের অফসাইড মাঠে সফলভাবে সম্পন্ন হয়েছে টুর্নামেন্টটি। অনুষ্ঠিত দিনব্যাপী এ ফুটবল টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বিভাগের নবাগত শিক্ষার্থীরা অংশ নেন।
প্রতিযোগিতার ফাইনালে ডিপার্টমেন্ট অব ওশ্যানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি এবং ডিপার্টমেন্ট অব মেরিন ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে পরিকল্পিত ও আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করে ডিপার্টমেন্ট অব ওশ্যানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি শিরোপা জিতে নেয়। রানার্সআপ হয় ডিপার্টমেন্ট অব মেরিন ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার।
বিজয়ী দলের অধিনায়ক মো. শামীম রেজা বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতেই এ ধরনের একটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া আমাদের জন্য অত্যন্ত আনন্দের। এই অর্জন পুরো দলের সম্মিলিত প্রচেষ্টা, কঠোর পরিশ্রম এবং সঠিক পরিকল্পনার ফল। প্রতিপক্ষও দারুণ খেলেছে। ভবিষ্যতেও আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।”
রানার্সআপ দলের অধিনায়ক তাসনিমুল হাসান নয়ন বলেন, “চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন। শিরোপা না পেলেও আমাদের দলের পারফরম্যান্সে আমরা সন্তুষ্ট। এই অভিজ্ঞতা ভবিষ্যতে আরও ভালো করার প্রেরণা জোগাবে।”
খেলার অন্যতম আয়োজক শাদ মুহাম্মদ বলেন, “সফল একটি টুর্নামেন্ট আয়োজনের জন্য দীর্ঘ পরিকল্পনা ও সমন্বয়ের প্রয়োজন হয়। আমরা এমন একটি পরিবেশ তৈরির চেষ্টা করেছি, যেখানে ফ্রেশার্সরা খেলাধুলার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধের চর্চা করতে পারে।”
বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়ার মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করা হয়। আয়োজকদের প্রত্যাশা, ভবিষ্যতেও শিক্ষার্থী-নেতৃত্বাধীন এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ও ক্যাম্পাস সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে।







আপনার মতামত লিখুন