এআই নেভিগেটর কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ চবিতে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘এআই নেভিগেটর (অটাম ইনটেক ২০২৬)’ শীর্ষক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক প্র্যাকটিক্যাল লার্নিং ও প্রজেক্ট-ভিত্তিক কর্মশালার সমাপনী এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ আগস্ট) বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং আন্তর্জাতিক সেবা সংস্থা Send a Little Hope (যুক্তরাজ্য)-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিন, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম এবং অধ্যাপক ড. মোহাম্মদ উবায়দুল করিম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, “বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার কোনোভাবেই এড়িয়ে যাওয়া সম্ভব নয়। বরং এটিকে আরও কার্যকর ও দায়িত্বশীলভাবে কীভাবে ব্যবহার করা যায়, সেটিই আমাদের বিবেচনার বিষয় হওয়া উচিত। সম্প্রতি বিদেশ সফরে গিয়ে আমি এআইয়ের বহুমুখী ব্যবহার প্রত্যক্ষ করেছি।”
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এআইভিত্তিক বিভিন্ন প্রকল্প উপস্থাপন করেন এবং সেগুলোর কার্যপ্রণালী তুলে ধরেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক, নৈতিক ও কার্যকর ব্যবহার সম্পর্কে দক্ষ করে তুলতেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে।
এছাড়া অনুষ্ঠানে Send AI-এর নির্বাহী কর্মকর্তা মোজাহিদুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সালেহ জহুর এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহাব উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দিনব্যাপী এ কর্মশালায় কৃত্রিম বুদ্ধিমত্তার মৌলিক ধারণা, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, এআই টুলসের সঠিক ও নৈতিক ব্যবহার এবং প্রজেক্ট ডেভেলপমেন্ট বিষয়ে নিবিড় প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।








আপনার মতামত লিখুন