যথাযোগ্য মর্যাদায় নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে। ৫ আগস্ট (বুধবার) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন। বক্তব্যের শুরুতে তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন জুলাইসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে আত্মাহুতিদানকারীদের এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়াকে। তিনি তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরও বলেন, ‘জুলাই একদিকে আনন্দঘন এবং আরেকদিকে বেদনাবিধুর দিন। জুলাই মানে সন্তানহারা মা-বাবার বুকফাটা কান্না; জুলাই মানে ভাই হারা বোন আর বোন হারা ভায়ের কান্না। পৃথিবীতে সবচেয়ে প্রিয় জিনিস হলো নিজের জীবন। সময়ের প্রয়োজনে দেশের জন্য এদেশের জনগণ নিজের প্রাণ বিসর্জন দিয়েছে। জুলাই শহিদগণ জীবন দিয়ে মৃত্যুকে জয় করেছেন। ছাত্র-শিক্ষক, শ্রমিক, জনতা সবাই ফ্যাসিস্ট আওয়ামী শাসন থেকে মুক্তি চেয়েছিল। জুলাই গণঅভ্যুত্থান সার্বজনীন আন্দোলনে রূপ নেওয়ার কারণেই ফ্যাসিস্ট বিদায় নিতে বাধ্য হয়। তাই অনেক ত্যাগের বিনিময়ে পাওয়া জুলাইয়ের চেতনাকে ধারণ করে সকলের সহযোগিতায় সকল বিতর্কের উর্ধ্বে উঠে আমাদের বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধির দিকে নিয়ে যেতে হবে। এছাড়া আমরা যেন বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারি তার জন্য আমাদের কাজ করতে হবে, তবেই জুলাইয়ের অর্জন স্বার্থক হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার এবং আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ। ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন কমিটির আহ্বায়ক ও বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামালের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খন্দকার নাজমুল হাসান।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান রায়হানা আক্তার, কর্মচারী সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম, কর্মচারী ইউনিয়নের সভাপতি হারুনুর রশিদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীরা। এতে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে থেকে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেনের নেতৃত্বে একটি বিজয় র্যালি বের হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ‘জুলাই স্কয়ারে’ গিয়ে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নির্মিতব্য প্রস্তাবিত ‘জুলাই সোপানে’ পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য।








আপনার মতামত লিখুন