চবিতে শাহী কলোনি ফুটবল টুর্নামেন্ট সিজন-৩-এর জমকালো পুরস্কার বিতরণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাহী কলোনি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত ‘শাহী কলোনি ফুটবল টুর্নামেন্ট—সিজন-৩’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ. এফ. রহমান হল মাঠে উৎসবমুখর পরিবেশে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। খেলোয়াড়, আয়োজক ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও চবি খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. শাফায়েত হোসেন এবং এ. এফ. রহমান হলের জিএস মো. তামিম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে মো. ইয়াছিন টুর্নামেন্টের আয়োজকদের ধন্যবাদ জানান এবং তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলার আয়োজন তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত রাখতে সহায়ক বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় উপস্থিত অতিথিরা টুর্নামেন্টের সফল আয়োজনের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাহী কলোনি যুব সংঘের উদ্যোগের প্রশংসা করেন।
পরে টুর্নামেন্টের বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি, পুরস্কার ও সম্মাননা তুলে দেন অতিথিরা।







আপনার মতামত লিখুন