পরিবেশের ভারসাম্য রক্ষায় ইবিতে খুলনা জেলা কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদ ভবনের সামনে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সংগঠনটির সভাপতি সাজ্জাতুল্লাহ শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. আব্দুল গফুর গাজী। এসময় সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে মীর মুগ্ধ সরোবরের প্রাচীর ঘেঁষে, বোটানিক্যাল গার্ডেন, আইআইইআর, খালেদা জিয়া হল, আয়েশা সিদ্দিকা হল, পেয়ারা বাগান এবং শাহ আজিজুর রহমান হল এলাকায় সারিবদ্ধভাবে প্রায় শতাধিক ফলজ গাছ ও বীজ রোপণ করা হয়। বিশেষ আয়োজন হিসেবে ধর্মতত্ত্ব অনুষদের সামনে একটি বিলাতি গাব (Diospyros discolor) গাছ রোপণ করে কর্মসূচির সূচনা করেন অতিথিরা।
সংগঠনের সভাপতি সাজ্জাতুল্লাহ শেখ গাছের প্রজাতির বিষয়ে বলেন, “আমাদের দীর্ঘদিনের পর্যবেক্ষণে দেখেছি যে কুষ্টিয়া ও ঝিনাইদহ অঞ্চলে বিলাতি গাব গাছ তেমন চোখে পড়ে না। অথচ এই গাছটি পরিবেশের সুরক্ষার পাশাপাশি সুস্বাদু ফল দেয়, যা মানুষ ও পশু-পাখির আহার জোগায়। মূলত এ কারণেই আমরা বিশেষ উদ্যোগ নিয়ে খুলনা থেকে এই গাছের চারা এনে ক্যাম্পাসে রোপণ করেছি।”
বিশেষ অতিথি প্রফেসর ড. আব্দুল গফুর গাজী বলেন, “সারাদেশে পরিবেশ রক্ষায় যে সামাজিক আন্দোলন চলছে, তারই অংশ হিসেবে আজকের এই কর্মসূচি। এ ধরনের মহতী ও পরিবেশবান্ধব কাজের জন্য খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতিকে ধন্যবাদ জানাই।”
অনুষ্ঠানে সংগঠনটির উপদেষ্টা প্রফেসর ড. সৈয়দ মাকসুদুর রহমান বলেন, “বৃক্ষ আমাদের বিশুদ্ধ বায়ু ও বাসযোগ্য পৃথিবী উপহার দেয়। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যা ও সংরক্ষণ করাও আমাদের দায়িত্ব। খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতির এই সুন্দর উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করি।”
ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে এমন জনকল্যাণমূলক কাজ আরও করার আহ্বান জানান।







আপনার মতামত লিখুন