চবির লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস এ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্বে মুজাহিদ-মশিউর
ছবি- আলী আহসান মো. মুজাহিদ ও মো. মশিউর রহমান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লক্ষ্মীপুর জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের একাদশ কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে আলী আহসান মো. মুজাহিদ, সাধারণ সম্পাদক পদে মো. মশিউর রহমান এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. আবদুল্লাহ নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের দ্বিতীয় তলায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সাধারণ সম্পাদক পদে একজন প্রার্থী থাকায় মো. মশিউর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন চলাকালে সংগঠনের দশম কার্যনির্বাহী পরিষদের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন বিদায়ী সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সায়েম।
পরে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সংগঠনের শিক্ষক উপদেষ্টা ও নির্বাচন কমিশনার এবং সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. এনায়েত উল্যা পাটোয়ারী। এ সময় শিক্ষক উপদেষ্টা লাইলুন নাহার ইরানি, লক্ষ্মীপুর জেলা সমিতি, চট্টগ্রামের উপদেষ্টা রফিকুল ইসলাম ভূঁইয়া শামীম, সভাপতি মুজতবা কামাল, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট ওমর ফারুক, দপ্তর সচিব ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম এবং চাকসুর সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত নেতাদের অভিনন্দন জানিয়ে অতিথিরা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ করার আহ্বান জানান। একই সঙ্গে তাঁরা প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতার আশ্বাস দেন।
নির্বাচনকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা সম্পন্ন হয়।
পরে দশম কার্যনির্বাহী পরিষদের সভাপতি ইউনুছ মিয়ার বক্তব্যের মধ্য দিয়ে একাদশ কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬-এর আনুষ্ঠানিকতা শেষ হয়।
নবনির্বাচিত নেতারা লক্ষ্মীপুর জেলার শিক্ষার্থীদের কল্যাণ, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারের পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।








আপনার মতামত লিখুন