খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ৬ষ্ঠ উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন রিয়ার এডমিরাল মোঃ নিয়ামত এলাহি

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৫ অপরাহ্ণ
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ৬ষ্ঠ উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন রিয়ার এডমিরাল মোঃ নিয়ামত এলাহি

রিয়ার এডমিরাল মো. নিয়ামত এলাহি। ছবি-সংগ্রহীত

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (বিএমইউ)-এর নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার এডমিরাল মো. নিয়ামত এলাহি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি আইন, ২০১৩-এর ১২(১) ধারা অনুযায়ী তাঁকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

নিয়োগের শর্ত অনুযায়ী, তার মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ এর মধ্যে যেটি আগে ঘটে ততদিন পর্যন্ত কার্যকর থাকবে। এ সময়ে তিনি মূল পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধাও ভোগ করবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের সময় তাকে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় তার নিয়োগ বাতিল করতে পারবেন।

রিয়ার এডমিরাল মো. নিয়ামত এলাহি বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর সহকারী নৌপ্রধান (ম্যাটেরিয়েল) হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে নৌবাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (NATDOC) কমান্ড্যান্ট ছিলেন তিনি। ১৯৮৯ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন তিনি। ১৯৯২ সালে উইপন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় কমিশন লাভ করেন তিনি। ১৯৯৬ সালে বুয়েট থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর পেশাগত জীবনে প্রবেশ করেন। ২০২৪ সালের ২ সেপ্টেম্বর রিয়ার অ্যাডমিরাল পদে পদোন্নতি পান তিনি।

নৌবাহিনীর দীর্ঘ কর্মজীবনের পাশাপাশি উচ্চশিক্ষা ও গবেষণায়ও সমৃদ্ধ একাডেমিক ব্যাকগ্রাউন্ড রয়েছে রিয়ার এডমিরাল মো. নিয়ামত এলাহির। এছাড়া তিনি শিক্ষা ও গবেষণাক্ষেত্রেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন তিনি। পরে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিজ, ইসলামাবাদের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে মেরিটাইম বিষয়ে এমএসসি ইন ওয়ার স্টাডিজ এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) থেকে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে এমএসসি সম্পন্ন করেন।

একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রতিরক্ষা ও নৌ প্রকৌশল বিষয়ে দেশে-বিদেশে একাধিক উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন তিনি। মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, পাকিস্তান নেভি ওয়ার কলেজ, সাভারের বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার (বিপিএটিসি) এবং মিরপুরের ন্যাশনাল ডিফেন্স কলেজের বিভিন্ন উচ্চতর কোর্স সম্পন্ন করেছেন। নৌ প্রকৌশল, প্রতিরক্ষা অধ্যয়ন ও সামুদ্রিক যুদ্ধকৌশলে তাঁর উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণের সমন্বয় রয়েছে।

নৌ অস্ত্র, নৌ ইলেকট্রনিকস ও মেরিন ইলেকট্রিক্যাল বিষয়ে বিশেষজ্ঞ রিয়ার অ্যাডমিরাল নিয়ামত এলাহি। ২০০১ সালে ইতালিতে সোনার সিমুলেটর ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ২০০৩ সালে ইলেকট্রিক্যাল স্পেশালাইজেশন এবং ২০০৪-০৫ সালে যুক্তরাজ্যের এইচএমএস কলিংউডে উইপন ইঞ্জিনিয়ারিং স্পেশালাইজেশন কোর্স সম্পন্ন করেন তিনি।

২০০৬-০৭ সালে আইভরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অস্ত্র ও ইলেকট্রনিকস প্রকল্পের গবেষণা, অধিগ্রহণ ও বাস্তবায়নের সঙ্গেও দীর্ঘদিন যুক্ত ছিলেন। ২০১৬-১৭ সালে চীন ও ভারতসহ বিভিন্ন দেশের প্রতিরক্ষা গবেষণা ও শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করে বাংলাদেশের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সক্ষমতা বৃদ্ধির সম্ভাবনা নিয়েও কাজ করেন।

দীর্ঘ কর্মজীবনে রিয়ার অ্যাডমিরাল নিয়ামত এলাহি বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন যুদ্ধজাহাজ, নৌ ডকইয়ার্ড, লজিস্টিকস, প্রশিক্ষণ প্রতিষ্ঠান, প্রকল্প ও নৌ সদর দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ নেভাল ডকইয়ার্ডের জেনারেল ম্যানেজার (পিই), ডিইডব্লিউ লিমিটেডের জেনারেল ম্যানেজার (অ্যাডমিন) এবং কমোডর সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ডসহ (সিএসডি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি।

সদ্য সাবেক উপাচার্য রিয়ার অ্যাডমিরাল খন্দকার আক্তার হোসেনের স্থলাভিষিক্ত হলেন তিনি। তিনি ২০২৫ সালের ৭ মে দায়িত্ব গ্রহণ করেন। নতুন উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রমে গতি ও প্রশাসনিক স্থিতিশীলতা অর্জনের প্রত্যাশা করছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মাঝে আশা জেগেছে, নতুন উপাচার্যের অভিজ্ঞতা ও নেতৃত্বে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি একটি উন্নত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা