চবিতে ৬০০ নারী শিক্ষার্থীর জন্য বিনামূল্যে আত্মরক্ষা প্রশিক্ষণ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শেখাতে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। এতে প্রায় ৬০০ নারী শিক্ষার্থীকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে।
মঙ্গলবার বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাকসুর সহ-সভাপতি (ভিপি) ইব্রাহিম রনি, সাধারণ সম্পাদক (জিএস) সাহেদ বিন হাবিব, ছাত্রীকল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা ও সহ-ছাত্রীকল্যাণ সম্পাদক জানাতুল ফেরদাউস রিতা।

চাকসু সূত্রে জানা যায়, পাঁচ দিনের প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রত্যেক নারী শিক্ষার্থী দুটি করে সেশনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। প্রশিক্ষণে মার্শাল আর্টসের মৌলিক কলাকৌশল, বিভিন্ন পরিস্থিতিতে আত্মরক্ষার কৌশল ও শারীরিক সুস্থতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় কিছু ব্যায়াম শেখানো হবে। একজন নারী প্রশিক্ষক এ কর্মসূচি পরিচালনা করবেন।
সহ-ছাত্রীকল্যাণ সম্পাদক জানাতুল ফেরদাউস রিতা বলেন, “এই প্রশিক্ষণ ছাত্রীদের আরও আত্মবিশ্বাসী ও সাহসী করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিকূল পরিস্থিতিতে ভয় না পেয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় আত্মবিশ্বাস ও মৌলিক দক্ষতা অর্জন করাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও বলেন, “প্রায় ৬০০ নারী শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে। দুটি সেশন সফলভাবে সম্পন্ন করলে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট দেওয়া হবে।”
নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, আত্মবিশ্বাস ও আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চাকসুর ছাত্রীকল্যাণ বিভাগের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।







আপনার মতামত লিখুন