খুঁজুন
সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চবিতে চীনা কনফুসিয়াস ইনস্টিটিউটের উদ্বোধন

মোঃ সিদ্দিকুর রহমান শিপন, চবি প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ
চবিতে চীনা কনফুসিয়াস ইনস্টিটিউটের উদ্বোধন

বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা, সংস্কৃতি ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘কনফুসিয়াস ইনস্টিটিউট’। চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় চবি কলা ও মানববিদ্যা অনুষদের পঞ্চম তলায় ফলক উন্মোচনের মধ্য দিয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে বেলা ১১টায় ব্যবসায় প্রশাসন অনুষদের অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান। সম্মানিত অতিথি ছিলেন চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের পার্টি কমিটির সম্পাদক রুয়ান ঝাওছি (Mr. Ruan Chaoqi)। বিশেষ অতিথি ছিলেন চবির উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ্ জহুর এবং কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনফুসিয়াস ইনস্টিটিউট, চবির পরিচালক ও উদ্বোধন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস সেন্টারের যাত্রা শুরু হওয়া বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ঐতিহাসিক ও আনন্দের দিন। এ উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ, ভাষা শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় ও গবেষণার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

তিনি বলেন, চীনা ভাষাকে শিক্ষার্থীদের জন্য তৃতীয় ভাষা হিসেবে গড়ে তুলতে পারলে কর্মসংস্থান ও কর্মদক্ষতার ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হবে। চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও অর্থনৈতিক অংশীদার। ফলে চীনা ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞান শিক্ষার্থীদের আন্তর্জাতিক কর্মক্ষেত্রে আরও প্রস্তুত করতে পারে।

উপাচার্য আরও বলেন, একটি ভাষা শেখা মানে শুধু নতুন শব্দ বা বাক্য শেখা নয়; এর মাধ্যমে একটি দেশের ইতিহাস, সংস্কৃতি, চিন্তাধারা ও মানুষের জীবন সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়। সে অর্থে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস সেন্টার শুধু ভাষা শিক্ষা কেন্দ্র হিসেবে সীমাবদ্ধ থাকবে না। এটি বাংলাদেশ ও চীনের শিক্ষক-শিক্ষার্থী এবং সংস্কৃতির মধ্যে নতুন সেতুবন্ধন তৈরি করতে পারে।

ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের পার্টি কমিটির সম্পাদক রুয়ান ঝাওছি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে পেরে তারা আনন্দিত ও গর্বিত। এ অংশীদারত্বের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, ভাষা ও সংস্কৃতির বিনিময় আরও সমৃদ্ধ হবে।

তিনি বলেন, কনফুসিয়াস ইনস্টিটিউট একটি ভাষা শিক্ষা কেন্দ্রের চেয়েও বড় ভূমিকা পালন করবে। বাংলাদেশি শিক্ষার্থীরা চীনা ভাষা শেখার পাশাপাশি চীনের ইতিহাস, সংস্কৃতি ও সমাজ সম্পর্কে জানার সুযোগ পাবে। একই সঙ্গে দুই দেশের শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সাংস্কৃতিক বন্ধন আরও গভীর হবে।

চবির উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবদ্ধ কর্মপদ্ধতি ও সময়ের যথাযথ ব্যবহারের মাধ্যমে কার্যকর কর্মসম্পাদনের সংস্কৃতি শিক্ষণীয়। কনফুসিয়াস সেন্টারের মাধ্যমে চীনের শিক্ষা, সংস্কৃতি ও কর্মসংস্কৃতির ইতিবাচক দিকগুলো সম্পর্কে শিক্ষক-শিক্ষার্থীরা জানার সুযোগ পাবেন।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম বলেন, বহু শতাব্দী আগে চীন ও বাংলার মধ্যে কূটনৈতিক যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়ার দৃষ্টান্ত রয়েছে। সেই ঐতিহাসিক সম্পর্কের ধারাবাহিকতায় কনফুসিয়াস ইনস্টিটিউট নতুন সেতুবন্ধন তৈরির সুযোগ সৃষ্টি করেছে। এর মাধ্যমে দুই দেশের তরুণ প্রজন্ম পরস্পরের ভাষা, সংস্কৃতি, ইতিহাস, জ্ঞান ও জীবনধারা সম্পর্কে জানার সুযোগ পাবে।

সভাপতির বক্তব্যে কনফুসিয়াস ইনস্টিটিউট, চবির পরিচালক অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, কনফুসিয়াস ইনস্টিটিউট বাংলাদেশের জন্য একটি নতুন মাইলফলক। এর মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও ইতিবাচক ও সহযোগিতামূলক হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক জিয়া ওয়াংওয়েই (Jia Wangwei)। অনুষ্ঠান সঞ্চালনা করেন চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এবং আধুনিক ভাষা ইনস্টিটিউটের খণ্ডকালীন চাইনিজ ভাষার শিক্ষক আয়েশা পারলীন।

অনুষ্ঠানে চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট, বিভাগ ও ইনস্টিটিউটের সভাপতি ও পরিচালক, প্রক্টর ও সহকারী প্রক্টর, কনফুসিয়াস ইনস্টিটিউটের সদস্য, চাকসু কেন্দ্রের পরিচালক, চাকসুর জিএস, এজিএসসহ চাকসু ও হল সংসদের প্রতিনিধিরা, চীনা প্রতিনিধিদল, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

ব্রোকারেজ হাউজের অর্থ আত্মসাৎ: ফেরত পাচ্ছেন ১৭ হাজার ৩৩২ ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৩ অপরাহ্ণ
ব্রোকারেজ হাউজের অর্থ আত্মসাৎ: ফেরত পাচ্ছেন ১৭ হাজার ৩৩২ ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী

ডিএসই আয়োজিত আইপিএফ তহবিল বিতরণ উদ্বোধনী অনুষ্ঠান। ছবি-সংগৃহীত

ব্রোকারেজ হাউজের অনিয়ম ও অর্থ আত্মসাতের ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারীকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত সম্পূর্ণ অর্থ ইনভেস্টরস প্রটেকশন ফান্ড (আইপিএফ) থেকে পরিশোধ করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ডিএসই আয়োজিত ‘আইপিএফ তহবিল বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে’ তিনি এ কথা জানান।

ব্রোকারেজ হাউজের অর্থ আত্মসাতের ঘটনায় ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের মধ্যে অর্থ বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।

মমিনুল ইসলাম বলেন, পুঁজিবাজারে বিনিয়োগ করলে লাভ-ক্ষতি দুটোই হতে পারে। স্বাভাবিক নিয়মে শেয়ারের দাম কমা-বাড়া আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিষয়। তবে বাজারের কোনো মধ্যস্থতাকারীর অনিয়মের কারণে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হলে পুঁজিবাজারের ওপর তাদের আস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটে। এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়।

তিনি বলেন, বিগত দিনে দেখা গেছে, বেশ কিছু ব্রোকারেজ হাউজ তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি। পাঁচটি ব্রোকারেজ হাউজ বিনিয়োগকারীদের অর্থ বা শেয়ার বিভিন্নভাবে নিজেদের অ্যাকাউন্টে নিয়েছে। পরবর্তী সময়ে সেই টাকা বা শেয়ার বিনিয়োগকারীদের ফেরত দিতে পারেনি প্রতিষ্ঠানগুলো।

ডিএসই চেয়ারম্যান জানান, বর্তমানে তাদের হিসাবে মোট ১৭ হাজার ৯৬৭ জন ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী রয়েছেন। এর মধ্যে এ পর্যায়ে ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারীর সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত সম্পূর্ণ অর্থ আইপিএফ থেকে পরিশোধ করা হবে।
যেসব বিনিয়োগকারীর পুরো অর্থ এ পর্যায়ে পরিশোধ করা সম্ভব হবে না, তাদের টাকাও দ্রুত আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

মমিনুল ইসলাম বলেন, যত দ্রুত সম্ভব বাকি বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে। এ বিষয়ে ডিএসই ও বাজারসংশ্লিষ্ট অন্যরা তৎপর থাকবে।

ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের কাছে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা জানি আপনাদের কষ্টার্জিত টাকা আপনারা অনেক আশা নিয়ে পুঁজিবাজারে বিনিয়োগ করেছিলেন। আপনাদের যে ভীষণ মানসিক ও আর্থিক ক্ষতি এবং যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছে, তার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।’

ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না আশা প্রকাশ করে ডিএসই চেয়ারম্যান বলেন, বিএসইসি, দুই স্টক এক্সচেঞ্জ, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) এবং ব্রোকারেজ হাউজসহ বাজারসংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় বিনিয়োগকারীদের আস্থা পুরোপুরি ফিরিয়ে আনা সম্ভব হবে।

ডিএসইর ব্যবস্থাপনার প্রশংসা করে তিনি বলেন, ১৭ হাজার ৯৬৭ বিনিয়োগকারীর তথ্য, তাদের বিনিয়োগের হিসাব এবং চূড়ান্ত ব্যালেন্স নির্ধারণ করা একটি কঠিন কাজ ছিল। ডিএসইর ব্যবস্থাপনা সেই কাজ সম্পন্ন করেছে। এখন বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেওয়ার কাজটিও তারা সুচারুভাবে করতে পারবে বলে আশা করেন তিনি।

ব্রোকারেজ কমিউনিটির অবদানের কথাও তুলে ধরেন ডিএসই চেয়ারম্যান। তিনি বলেন, ইনভেস্টরস প্রটেকশন ফান্ডের অর্থের প্রধান উৎস ব্রোকারদের ট্রেড কমিশন এবং কাস্টমার কনসোলিডেটেড অ্যাকাউন্টের (সিসিএ) সুদের ২৫ শতাংশ। ব্রোকারেজ হাউজগুলোর এই অবদান ছাড়া ডিএসইর উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হতো না।

তিনি আরও বলেন, পুঁজিবাজারে যে ইতিবাচক ধারা শুরু হয়েছে, সেটি সামনের দিনে আরও জোরদার হবে। সবার আকাঙ্ক্ষা ও প্রত্যাশা, দেশে একটি শক্তিশালী ও স্বচ্ছ পুঁজিবাজার গড়ে উঠবে, যা দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ একটি পিলার হিসেবে ভূমিকা পালন করবে। সেই গন্তব্যে সম্মিলিত প্রচেষ্টায় সবাই সফল হবে বলেও আশা প্রকাশ।

এম/আর

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
ব্রোকারেজ হাউজের অর্থ আত্মসাৎ: ফেরত পাচ্ছেন ১৭ হাজার ৩৩২ ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী পুঁজিবাজারের সঙ্গে আর্থিক তথ্যপ্রবাহ কার্যকর করতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন চবিতে চীনা কনফুসিয়াস ইনস্টিটিউটের উদ্বোধন চবির কাঁটাপাহাড় সড়কে ছাত্রদলের বৃক্ষরোপণ এআই দক্ষতায় প্রশিক্ষণ পেলেন নোবিপ্রবির শিক্ষার্থীরা ১৮ দেশের গুরুত্বপূর্ণ বাজার ঘিরে রফতানি বহুমুখীকরণ কৌশল প্রণয়ন করছে সরকার চবিতে সরকারি চাকরিতে ভেরিফিকেশনের নামে বাদ দেওয়ার প্রতিবাদে চাকসুর বিক্ষোভ মিছিল প্রার্থী জিয়ার সৈনিক না হলে তাকে পরীক্ষায় বসতেই দিয়েন না: আম্মার ববিতে পটুয়াখালী জেলা ছাত্র কল্যাণ পরিষদের নবীন বরণ ও ক্যারিয়ার কর্মশালা অনুষ্ঠিত পবিপ্রবিতে ফিশারিজ টেকনোলজি বিভাগে দুই গবেষণাগার উদ্বোধন রাতে অযাচিত ঘোরাফেরা, শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক বর্জ্য দিলেই মিলছে খাবার-গাছ শাহরাস্তিতে অসহায় প্রতিবন্ধী পরিবারের মাথা গোঁজার ঠাঁই করে দিল দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা অভিষেক হলো আইটিইটি’র ১৫তম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বাকৃবিতে বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা প্যাকেজ নিয়ে মতবিনিময় ববি ছাত্রদল নেতা ওয়াহিদুজ্জামানের পক্ষথেকে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ পবিপ্রবির ছাত্রকে মারধর-ছিনতাই ও ছাত্রীকে হেনস্তায় ৫ জনের বিরুদ্ধে মামলা প্রতিদিন অন্তত ২০ পৃষ্ঠা বই পড়ার অভ্যাস গড়ার আহ্বান চিত্ত মিডিয়ার জুয়েলের সেমিফাইনালে মতলব দক্ষিণকে হারিয়ে কাবাডির ফাইনালে শাহরাস্তি থানা রাজধানীর বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না