ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে এস আলম গ্রুপের সময় অস্বচ্ছভাবে নিয়োগ পাওয়া প্রায় ৫ হাজার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে প্রায় ২০০ জনকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চাকরিচ্যুত (বরখাস্ত) করা হয়েছে। আর মূল্যায়ন পরীক্ষায় অংশ না নেওয়ায় আরও ৪ হাজার ৯৭১ জন কর্মকর্তাকে অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) করা হয়েছে।
ব্যাংক সূত্রে জানা যায়, এস আলম গ্রুপ ২০১৭ সালে ব্যাংকটি দখলের পর নিয়োগপ্রক্রিয়ায় অনিয়ম করে বিপুল সংখ্যক কর্মকর্তা নিয়োগ দেয়। এর বড় অংশই এস আলমের নিজ জেলা চট্টগ্রামের পটিয়া উপজেলা থেকে নিয়োগপ্রাপ্ত। অনেকেই জাল সনদ ব্যবহার করে চাকরি পান।
গত ২৭ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) মাধ্যমে বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মাত্র ৪১৪ জন অংশ নেন। বাকিদের অনুপস্থিতি ও অনিয়মের কারণে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন জসিম বলেন, “মূল্যায়ন পরীক্ষায় অংশ না নেওয়ায় প্রায় পাঁচ হাজার কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। এছাড়া শৃঙ্খলাভঙ্গের কারণে প্রায় ২০০ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। এস আলম আমলে নিয়োগ পাওয়া প্রায় ১১ হাজার কর্মকর্তা এখনো ব্যাংকে রয়েছেন, যাদের বেশির ভাগের নিয়োগ ছিল অস্বচ্ছ।”
উল্লেখ্য, এস আলম গ্রুপের প্রভাবে ব্যাংকে প্রায় আড়াই হাজার কর্মকর্তা বিজিসি ট্রাস্ট, পোর্ট সিটি ও সাউদার্ন ইউনিভার্সিটির জাল সার্টিফিকেট ব্যবহার করে চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। এসব নিয়োগ দেশের ৬৩ জেলার প্রার্থীদের বঞ্চিত করেছিল।








আপনার মতামত লিখুন