খুঁজুন
রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বাকৃবিতে বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা প্যাকেজ নিয়ে মতবিনিময়

মোঃ আবু হানিফ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ণ
বাকৃবিতে বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা প্যাকেজ নিয়ে মতবিনিময়

তরুণ উদ্যোক্তা তৈরি ও বেসরকারি খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তরুণ উদ্যোক্তাদের অর্থায়ন, এসএমই ও কৃষি খাতে ঋণপ্রবাহ বাড়ানো, ঋণখেলাপি ও অর্থপাচার রোধসহ ব্যাংকিং খাতের বিভিন্ন বিষয় উঠে আসে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। ‘বেসরকারি খাতের উন্নয়নে বাংলাদেশ ব্যাংক ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা’ শীর্ষক এ আয়োজনে প্রথম পর্বে প্রণোদনা প্যাকেজের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পরে ব্যাংক কর্মকর্তা ও উদ্যোক্তাদের অংশগ্রহণে মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংকের ময়মনসিংহ অঞ্চলের নির্বাহী পরিচালক মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান ও ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ময়মনসিংহ অঞ্চলের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, প্রাথমিকভাবে আটটি বিভাগের ৬৪টি উপজেলায় তরুণ উদ্যোক্তা অনুসন্ধান কর্মসূচি পরিচালনা করা হবে। প্রতি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন উদ্যোক্তা প্রাথমিকভাবে চিহ্নিত করা হবে। ধারাবাহিকভাবে পাঁচ হাজার তরুণ উদ্যোক্তাকে অর্থায়নের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। উদ্যোক্তার চাহিদা অনুযায়ী সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেওয়া হবে। এর ৫০ শতাংশ ব্যাংক ঋণ এবং বাকি ৫০ শতাংশ অনুদান হিসেবে থাকবে। ঋণের সুদের হার হবে ৪ থেকে ৭ শতাংশ।

ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার বলেন, ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। মানুষের সারা জীবনের কষ্টার্জিত অর্থ ব্যাংকে জমা থাকে, অথচ ঋণখেলাপিরা সেই অর্থ আত্মসাৎ করেন। এমন ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ ঋণখেলাপি হওয়ার সাহস না পান। ময়মনসিংহে বড় বড় পুকুর ও মাছের খামার রয়েছে। এ অঞ্চলে মৎস্য প্রজনন ও উৎপাদন আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে। সরকারি প্রকল্পে তৃতীয়-চতুর্থ স্তরের ঠিকাদারি কমিয়ে কাজের কার্যকারিতা বাড়াতে হবে। উদ্যোক্তাদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতার জন্য ময়মনসিংহে চেম্বার অব কমার্স প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও জানান তিনি। পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেন, দায়িত্ব নেওয়ার সময় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়া অর্থনীতির প্রায় সব সূচকই ঝুঁকিপূর্ণ ও নেতিবাচক অবস্থায় ছিল। অর্থনৈতিক পুনরুদ্ধার ও পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে একাধিক বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যাংকিং খাতের অনিয়ম ও অর্থ লোপাট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। ব্যাংকগুলোর নিষ্ক্রিয় আমানত ব্যবহার করে ৪ শতাংশ সুদে তহবিল দেওয়া হচ্ছে। এসব তহবিল এসএমই ও কৃষি খাতে ৭ থেকে ৮ শতাংশ সুদে বিতরণ করা হবে। খেলাপি ঋণ ও অর্থপাচার রোধে ছয় মাসের মধ্যে বিচার নিষ্পত্তির সুযোগ রেখে ‘ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট’ ও ‘মানি লোন কোর্ট অ্যাক্ট’ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

পাচার হওয়া সম্পদ শনাক্ত ও ফ্রিজ করতে আন্তর্জাতিক পর্যায়ে চুক্তি করা হচ্ছে জানিয়ে গভর্নর বলেন, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ১১টি বিশেষ যৌথ তদন্ত দল গঠন করা হয়েছে। তরুণ উদ্যোক্তা তৈরিতে নতুন তহবিল চালুর প্রক্রিয়াও চলছে। এ ক্ষেত্রে উদ্যোক্তাদের ৫০ শতাংশ অনুদান এবং ৪ থেকে ৫ শতাংশ সুদে ঋণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। বেসরকারি খাতের সফল উদ্যোক্তাদের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় সুবিধাভোগী নির্বাচন করা হবে।

সভাপতির বক্তব্যে মো. আরিফুজ্জামান বলেন, ময়মনসিংহের উদ্যোক্তাদের ব্যাংক খাত থেকে যথাযথ সহযোগিতা নিশ্চিত করা এবং প্রণোদনা প্যাকেজের বাস্তবায়নে আগামী এক থেকে দুই মাসের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি দেখানোই এ আয়োজনের সার্থকতা। এ অঞ্চলের উদ্যোক্তাদের কাঙ্ক্ষিত মাত্রায় ঋণ সরবরাহের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

বর্জ্য দিলেই মিলছে খাবার-গাছ

উপজেলা প্রতিনিধি, চাঁদপুর সদর
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০২ পূর্বাহ্ণ
বর্জ্য দিলেই মিলছে খাবার-গাছ

শহরের যেখানে-সেখানে বর্জ্য ফেলা বন্ধ করে নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন চাঁদপুর’। ‘বর্জ্য জমা দিন, খাদ্য ও গাছ নিন’ স্লোগানে শহরের বিভিন্ন এলাকায় বর্জ্য সংগ্রহের পাশাপাশি নাগরিকদের মধ্যে খাবার ও গাছ বিতরণ করছে সংগঠনটি।

শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চাঁদপুর শহরের পুরান বাজার বৌ-বাজার সড়কে পৌরসভার ডাস্টবিনসংলগ্ন এলাকায় এ কর্মসূচি পরিচালনা করা হয়।

এ সময় স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে বিভিন্ন ধরনের বর্জ্য সংগ্রহ করেন সংগঠনের সদস্যরা। বিনিময়ে তাদের মধ্যে খাবার ও গাছ বিতরণ করা হয়। কর্মসূচিতে ক্লিন চাঁদপুরের সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ বলেন, “চাঁদপুর শহরকে পরিচ্ছন্ন ও সবুজায়ন করাই আমাদের সংগঠনের মূল লক্ষ্য। এ লক্ষ্য সামনে রেখে বিভিন্ন সচেতনতামূলক ও বাস্তবমুখী কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।”

তিনি বলেন, পরিবেশ বিপর্যয়ের এ সময়ে জলাশয় রক্ষা এবং মানুষকে বিভিন্ন রোগবালাই থেকে সুরক্ষিত রাখতে পরিচ্ছন্নতার বিকল্প নেই। প্রতিদিন শহরের বিভিন্ন ড্রেনে বিপুল পরিমাণ বর্জ্য জমছে। বিশেষ করে প্লাস্টিক বর্জ্য ড্রেনে পড়ে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা তৈরি করছে। এতে জলাবদ্ধতাসহ নানা পরিবেশগত সমস্যা সৃষ্টি হচ্ছে।

ক্লিন চাঁদপুরের এ সংগঠক বলেন, “মানুষ যাতে যেখানে-সেখানে বর্জ্য না ফেলে, সে বিষয়ে সচেতনতা তৈরিই আমাদের উদ্যোগের প্রধান উদ্দেশ্য। খাবার কিংবা গাছ দেওয়া হচ্ছে মূলত মানুষকে উৎসাহিত করার জন্য। এর মাধ্যমে ব্যক্তি পর্যায়ে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি পরিবেশ রক্ষায় নাগরিকদের সম্পৃক্ত করাই আমাদের লক্ষ্য।”

তিনি জানান, গত ১৯ সেপ্টেম্বর থেকে এ কর্মসূচি শুরু হয়েছে। পর্যায়ক্রমে চাঁদপুর পৌরসভার বিভিন্ন এলাকায় কর্মসূচিটি পরিচালনা করা হবে।

সংগঠন সূত্রে জানা যায়, ‘ক্লিন চাঁদপুর’ শুধু শহরকেন্দ্রিক নয়, জেলার বিভিন্ন এলাকাতেও সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, সড়ক সংস্কারে স্বেচ্ছাশ্রম দেওয়াসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে সংগঠনের সদস্যরা যুক্ত রয়েছেন। এ ছাড়া বিভিন্ন উৎসব ও দুর্যোগের সময়ও সাধারণ মানুষের পাশে দাঁড়ান সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

সংগঠনের সদস্যরা মনে করেন, শুধু প্রশাসনিক উদ্যোগে নয়, নাগরিকদের ব্যক্তিগত সচেতনতা ও অংশগ্রহণের মাধ্যমেই একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলা সম্ভব। সে লক্ষ্যেই বর্জ্য সংগ্রহের সঙ্গে উৎসাহমূলক উদ্যোগ যুক্ত করে নাগরিকদের মধ্যে সচেতনতা তৈরির চেষ্টা করছে ‘ক্লিন চাঁদপুর’।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
বর্জ্য দিলেই মিলছে খাবার-গাছ শাহরাস্তিতে অসহায় প্রতিবন্ধী পরিবারের মাথা গোঁজার ঠাঁই করে দিল দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা অভিষেক হলো আইটিইটি’র ১৫তম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বাকৃবিতে বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা প্যাকেজ নিয়ে মতবিনিময় ববি ছাত্রদল নেতা ওয়াহিদুজ্জামানের পক্ষথেকে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ পবিপ্রবির ছাত্রকে মারধর-ছিনতাই ও ছাত্রীকে হেনস্তায় ৫ জনের বিরুদ্ধে মামলা প্রতিদিন অন্তত ২০ পৃষ্ঠা বই পড়ার অভ্যাস গড়ার আহ্বান চিত্ত মিডিয়ার জুয়েলের সেমিফাইনালে মতলব দক্ষিণকে হারিয়ে কাবাডির ফাইনালে শাহরাস্তি থানা রাজধানীর বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না জাবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম