ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার ৮ বছর সশ্রম কারাদণ্ড
পার্বত্য চট্টগ্রামের সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)–এর সংগঠক মাইকেল চাকমাকে আট বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন রাঙামাটির একটি আদালত। একই মামলায় ইউপিডিএফের আরেক নেতা সুমন চাকমাকেও সমান মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে রাঙামাটির বিশেষ জজ আদালত-২–এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাওহিদুল হক এ রায় ঘোষণা করেন।
২০০৭ সালের ৩০ অক্টোবর রাঙামাটির লংগদু উপজেলার ভাইবোনছড়া এলাকায় চাঁদাবাজি ও মারামারির একটি ঘটনা ঘটে। এ ঘটনায় লংগদু থানার তৎকালীন এএসআই শরীফুল ইসলাম বাদী হয়ে ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা, সুমন চাকমা ও প্রদীপ চাকমাসহ তিনজনের বিরুদ্ধে অস্ত্র প্রদর্শন, চাঁদাবাজি ও মারপিটের অভিযোগে মামলা করেন।
দীর্ঘ ১৮ বছর বিচার প্রক্রিয়া চলার পর বুধবার আদালত রায় দেন। রায়ে মাইকেল চাকমা ও সুমন চাকমাকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড এবং মামলার ৩ নম্বর আসামি প্রদীপ চাকমাকে খালাস দেওয়া হয়।
উল্লেখ্য, ইউপিডিএফ নেতা মাইকেল চাকমাকে ২০১৯ সালের ৯ এপ্রিল ঢাকার কাওরান বাজার এলাকা থেকে সাদা পোশাকধারী ব্যক্তিরা তুলে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। এরপর তিনি দীর্ঘ পাঁচ বছর নিখোঁজ (গুম) থাকেন।
জুলাই বিপ্লবের পর সরকার পরিবর্তনের প্রেক্ষাপটে তিনি মুক্তি পান এবং বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।
তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগে মোট ১১টি মামলা বিচারাধীন রয়েছে, যার মধ্যে একটি মামলার রায় বুধবার ঘোষণা হলো।








আপনার মতামত লিখুন