সাইবার নিরাপত্তা জোরদারে এনবিআরে নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্র চালু
সাইবার নিরাপত্তা আরও শক্তিশালী করতে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্র চালু করা হয়েছে। জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থার জারি করা সাইবার নিরাপত্তা নীতিমালা ও কমপ্লায়েন্স বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান আনুষ্ঠানিকভাবে এনবিআরের নিজস্ব নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রের কার্যক্রম উদ্বোধন করেন।
এনবিআর সূত্র জানায়, কাস্টমসের স্বয়ংক্রিয় পণ্য ব্যবস্থাপনা অবকাঠামো এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্যসম্পদের নিরাপত্তা জোরদার ও ঝুঁকি হ্রাসের লক্ষ্যে এই কেন্দ্র স্থাপন করা হয়েছে।
এনবিআরের একটি বিশেষায়িত দল আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মান অনুসরণ করে কেন্দ্রটির কার্যক্রম পরিচালনা করছে।
এই কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশ কাস্টমসের সাইবার পরিসরে সম্ভাব্য অভ্যন্তরীণ ও বহিরাগত সাইবার আক্রমণ, ঝুঁকি, সন্দেহজনক কার্যক্রম এবং অন্যান্য সাইবার হুমকি সার্বক্ষণিকভাবে (২৪ ঘণ্টা, সপ্তাহে ৭ দিন) পর্যবেক্ষণ, শনাক্তকরণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে।
এ উদ্যোগের ফলে কাস্টমস ও রাজস্ব ব্যবস্থাপনায় তথ্য নিরাপত্তা আরও সুদৃঢ় হবে এবং ডিজিটাল সেবার ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা করছে এনবিআর।








আপনার মতামত লিখুন