নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ইনভেস্টিগেশন ও ফ্যাক্ট চেকিং কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ১ যুগে পদার্পণ উপলক্ষে “ডিজিটাল ইনভেস্টিগেশন অ্যান্ড ফ্যাক্ট চেকিং” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১২ মে ২০২৬ তারিখ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত এ কর্মশালায় সাংবাদিকতা ও তথ্য যাচাইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাক্ট চেকিংভিত্তিক সংবাদমাধ্যম The Descent–এর সম্পাদক কদরুদ্দিন শিশির। এই কর্মশালায় তিনি ডিজিটাল অনুসন্ধান, তথ্য যাচাই, ভুয়া তথ্য শনাক্তকরণ এবং অনলাইন সূত্র ব্যবহারের বিভিন্ন আধুনিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের সামনে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য, গুজব ও ভুয়া সংবাদের সত্যতা যাচাইয়ের কার্যকর পদ্ধতি তুলে ধরা হয়। এছাড়াও ছবি ও ভিডিও যাচাই, তথ্যের উৎস শনাক্তকরণ, ওপেন সোর্স ইন্টেলিজেন্স (OSINT) ব্যবহারের মৌলিক ধারণা এবং দায়িত্বশীল ডিজিটাল সাংবাদিকতার নানা দিক নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
এই কর্মশালায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মিজানুর রহমান। কর্মশালায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বর্তমান ও সাবেক সদস্যরাও অংশগ্রহণ করেন। এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাবের সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
অংশগ্রহণকারীরা প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে সরাসরি মতবিনিময়, প্রশ্নোত্তর এবং ব্যবহারিক উদাহরণের মাধ্যমে বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করেন।
কর্মশালায় সমাপনী বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির সভাপতি মোছা: জান্নাতি বেগম। তিনি বলেন, “বর্তমান সময়ে সাংবাদিকতায় তথ্য যাচাই ও ডিজিটাল অনুসন্ধানের গুরুত্ব দিন দিন বাড়ছে। সঠিক তথ্য উপস্থাপনের মাধ্যমে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” এই পুরো কর্মশালাটি সঞ্চালনা করেন সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক আখলাকুল হাসান অনিক।








আপনার মতামত লিখুন